মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে সমঝোতার আহবান জানালেন শ্যারন
ইসরাইলের প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন রক্তক্ষয়ী সংঘাত নিরসনে ফিলিস্তিনিদের প্রতি আপস ও সমঝোতার আহবান জানিয়ে বলেছেন, গাজা ভূখন্ড থেকে সৈন্য প্রত্যাহার করে ইসরাইল শান্তিপূর্ণ সমঝোতার লক্ষ্যে তাদের প্রস্তুতির প্রমাণ রেখেছে।
অন্যদিকে শ্যারনের এই কথায় সাড়া দিয়ে একজন ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, মধ্যপ্রাচ্য সংঘাতের একমাত্র সমাধান হচ্ছে অধিকৃত সকল অঞ্চল থেকে ইসরাইলের সেনা প্রত্যাহার।
গাজায় ফিলিস্তিনি প্রধান সমন্বয়কারী সায়েব এরকাত বলেন, দখলদারিত্বের অবসানের মধ্য দিয়েই শান্তি ও স্থিতিশীলতার পথে যাওয়া যেতে পারে।
আবেগপূর্ণ ভাষণে শ্যারন আরও বলেন, ফিলিস্তিনি নেতৃবৃন্দের এখন উচিত জঙ্গি গ্রুপগুলোর সন্ত্রাসী’ কার্যকলাপ বন্ধের দিকে নজর দেওয়া ও তাদের প্রতিশ্রুতি পূরণ করা। তিনি বলেন, ফিলিস্তিনিদের জাতীয় সার্বভৌম নিজ রাষ্ট্র এবং স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে।
এরপরও তিনি জেরুজালেমকে ইসরাইলের ‘অবিভক্ত এবং কেন্দ্রীয়’ রাজধানী বলে বর্ণনা করেন।
