ক্ষমতার উৎস সমাজের উপরের স্তর নয়, তৃণমূল পর্যায় : আনান
জাতিসংঘ মহাসচিব কফি আনান বলেছেন, সমাজের উপরের স্তর থেকে নয়, একদম তৃণমূল পর্যায় থেকে ক্ষমতার উৎস উঠে আসার প্রবণতা সৃষ্টি হয়েছে।
বিবিসি পরিচালিত এক জরিপে দেখা গেছে, পৃথিবীর ৬৫ শতাংশ মানুষ বিশ্বাস করে না যে, জনগণের ইচ্ছানুযায়ী তাদের দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয়।
কিন্তু বিবিসির সাথে এক সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব কফি আনান তৃণমূল পর্যায় থেকে ভবিষ্যত নিয়ন্ত্রণের প্রভাব বৃদ্ধির প্রবণতা চিহ্নিত করেছেন।
তিনি বলেন, উপরতলা থেকে নয়, একেবারে তৃণমূল পর্যায় থেকে ক্ষমতা উৎসরিত হওয়ার প্রবণতা বৃদ্ধির পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
নিউ ইয়র্কে চলতি জাতিসংঘের শীর্ষ সম্মেলন ও জাতিসংঘকে জড়িয়ে বিভিন্ন কেলেংকারি বিশ্ব অভিভাবক সংস্থার সীমাবদ্ধতাকে স্পষ্ট করে তুলেছে।
আনান বলেছেন, জাতিসংঘের প্রভাব রয়েছে এবং মানবাধিকার সংক্রান্ত সার্বজনীন ঘোষণার মত গুরুত্বপূর্ণ অর্জন জাতিসংঘের ভাণ্ডারে রয়েছে। তবে এটা বিশ্ব সরকার ব্যবস্থা নয়।
রুয়ান্ডার গণহত্যা প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা তিনি স্বীকার করেছেন। এক্ষেত্রে ব্যক্তিগতভাবেও আনান কঠোর সমালোচনার মুখোমুখি হয়েছেন।
তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব মনোনীত হওয়ার পর থেকেই জাতিসংঘকে সাধারণ মানুষের কাছাকাছি আনতে চেয়েছি। আর আমাদের চার্টার শুরুই হয়েছে এভাবে-আমরা, জাতিসংঘের জনসাধারণ....।
তিনি আরও বলেন, আমরা যখন সরকার, নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের কাছ থেকে পরামর্শ নেই, তখন আমরা সাধারণ জনগণের সাথেও কথা বলি। আমরা প্রায়ই তাদের কথা মত কাজ করে থাকি।
ক্ষমতার ব্যবহার সম্পর্কেও জাতিসংঘ মহাসচিব সতর্ক বাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন, একজনকে ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে বুঝতে হবে। একজনকে ক্ষমতা কী তা বুঝতে হবে। সর্বশক্তিমানের মত আচরণ করা উচিত হবে না।
সর্বশক্তিমান বলতে তিনি কাকে বোঝাতে চাইছেন সে ব্যাপারে আনান অবশ্য স্পষ্ট করে কিছু বলেননি। তবে বিশেষজ্ঞদের অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করেছেন।
