ইইউ মন্ত্রীদের সাথে ইরানের প্রেসিডেন্টের সাক্ষাৎ
তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক সংকটের মাঝে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিউ ইয়র্কে ইউরোপীয় ইউনিয়নের নেতৃস্থানীয় পররাষ্ট্র মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করেছেন।
চলতি গ্রীষ্মে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর তেহরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে এই প্রথম মাহমুদ আহমেদিনেজাদ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন।
‘ইইউ ৩’ নামে পরিচিত ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্র মন্ত্রীরা বলেছেন, পরবর্তী পদক্ষেপ নির্ধারণের আগে শনিবারে জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্টের ভাষণটি তারা বিবেচনা করবেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের বাইরে বৃহস্পতিবারের ওই বৈঠকে অংশগ্রহণকারীরা বৈঠকে আলোচিত বিষয় নিয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।
তবে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী জ্যাক স্ট্র বলেছেন, একমাত্র তেহরানের সন্দেহজনক পারমাণবিক কর্মসূচির উপর ভিত্তি করে ইরানের বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানোর ব্যাপারটি তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন।
জ্যাক স্ট্র বলেন, আলোচনার শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল সমঝোতার বিষয়টি নিরাপত্তা পরিষদের বাইরে রাখা।
তিনি বলেন, ইরানের প্রেসিডেন্টের শনিবারের ভাষণটির পরই আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।
এদিকে জাতিসংঘের ভাষণে নতুন প্রস্তাবের ঘোষণা দেবেন বলে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ প্রতিশ্রুতি দিয়েছেন।
ইরানের বক্তব্য, জনকল্যাণমূল ও বেসরকারি কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার ইরানের রয়েছে।
তবে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহার কথা বললেও আসলে গোপনে তারা পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। আর এ কারণেই তেহরানের বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেরণের মাধ্যমে জাতিসংঘ অবরোধ আরোপের হুমকি ওয়াশিংটন অনেকদিন ধরেই দিয়ে যাচ্ছে।
ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র সোমবার আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের বৈঠকে ইরানের বিষয়টি উত্থাপন করবে।
