সাউন্ড অব মিউজিক ডিরেক্টর ওয়াইজ আর নেই
অস্কার বিজয়ী চলচ্চিত্রকার রবার্ট ওয়াইজ আর নেই। ৯১তম জন্মদিন পালনের ঠিক পাঁচ দিনের মাথায় বিদায় নিলেন ‘দি সাউন্ড অব মিউজিক’ এবং ‘ওয়েস্ট সাইড স্টোরির’ কুশলী এই নির্মাতা।
তিনি বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লস এঞ্জেলেসের ইউসিএলএ মেডিক্যাল সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
৫০ বছরের ফিল্ম কেরিয়ারে ওয়াইজ প্রথম স্টার ট্রেক মুভি এবং সাই-ফাই ক্লাসিক ‘দি ডে দি আর্থ স্টুড স্টিল’সহ মোট ৩৯ টি ছবি পরিচালনা করেন।
অতি সম্প্রতি ওয়াইজ অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এবং ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা’র প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন।
স্টুডিও’র চাকরি গ্রহণের মধ্য দিয়ে ১৯ বছর বয়সে তার ফিল্ম কেরিয়ারের শুরু।
১৯৫৮ সালে তার অপরাধ বিষয়ক ছবি ‘আই ওয়ান্ট টু লিভ’ প্রথমবারের মতো একাডেমী অ্যাওয়ার্ড এর জন্য মনোনয়ন লাভ করে। তবে এই স্বীকৃতি মেলে ১৯৬২ সালে। সে বছর ‘ওয়েস্ট সাইড স্টোরি’র জন্য তিনি জেরোম রবিন্স এর সাথে যৌথভাবে এই পুরস্কার পান। সংগীতময় এই ছবিটি রোমিও এবং জুলিয়েটের পারিবারিক দ্বন্দ্ব নিয়ে। সেরা ছবিসহ মোট ১০ ক্যাটেগরিতে অস্কার জিতে নেয় তার এই কাজ।
