গণতন্ত্রের বিস্তার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘকে নেতৃত্ব দিতে হবে : ব্লেয়ার
ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, বিশ্বব্যাপী গণতন্ত্রের বিস্তার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘকে নেতৃস্থানীয় ভূমিকা রাখতে হবে।
জাতিসংঘের সংস্কার ও দারিদ্রতা নিরসনে ঐকমত্যে পৌঁছাতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো নিউইয়র্কে শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছে।
জাতিসংঘে প্রদত্ত ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী পারমাণবিক, রাসায়নিক এবং জীবাণু অস্ত্রবিস্তার রোধ করতে সদস্য দেশসমূহকে একসাথে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, যে সকল দেশ তার সাধারণ নাগরিকদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হচ্ছে, সে সকল দেশের বিরুদ্ধে জাতিসংঘকে হস্তক্ষেপ করতে হবে।
প্রধানমন্ত্রী ব্লেয়ার বলেন, ৭ জুলাইয়ের বোমা হামলার পিছনে যে আদর্শ কাজ করেছে, তার জন্ম আমাদের এখান থেকে হাজার হাজার মাইল দূরে।
তিনি বলেন, আন্তর্জাতিক ঐকমত্য ছাড়া পারমাণবিক, রাসায়নিক জীবাণু অস্ত্রের বিস্তার রোধ করা সম্ভব নয়। জনগণের গ্লোবাল ইচ্ছা অর্জন করতে জাতিসংঘ বড় ধরনের ভূমিকা রাখতে পারে। সন্ত্রাসবাদের ব্যাপারে জাতিসংঘকে অবশ্যই নেতৃত্ব দিতে হবে।
তিনি বলেন, নিরপরাধ লোককে নৃশংসভাবে হত্যার করার পিছনে কোন সমর্থন, যুক্তি এবং কারণ থাকতে পারে না। পৃথিবীর যে কোন স্থানে এটা যখনই ঘটুক না কেন, আমাদের ঐকবদ্ধ হয়ে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে।
বিশ্বের সবচেয়ে গরীব লোকদের জীবনযাত্রার মান বৃদ্ধির মাধ্যমে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে দারিদ্রতা নিরসনের কথা ব্লেয়ার তার ভাষণে বলেছেন।
তিনি বলেন, বৈশ্বিক দারিদ্রতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম ভবিষ্যতে আমাদের নৈতিক মনোবল বৃদ্ধি করবে।
রুয়ান্ডার গণহত্যা অথবা সুদানের দারফুরের হত্যাযজ্ঞের কথা ব্লেয়ার তার ভাষণে উল্লেখ করেননি। তবে তিনি বলেছেন, জনসাধারণ যখন দুর্ভোগের শিকার হয়, রাষ্ট্রের সার্বভৌমত্ব খর্ব করে জাতিসংঘকে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন. এই প্রথমবারের মত এই শীর্ষ সম্মেলনে আমরা একমত হয়েছি যে, নিজস্ব ভূখন্ডের মধ্যে একটি রাষ্ট্র যা খুশি তা করতে পারে না। সে অধিকার রাষ্ট্রের নেই। কোথাও কোন সরকার যদি তার নাগরিকের অধিকার সংরক্ষণ করতে না পারে, তাহলে সেই অধিকারবঞ্চিত সাধারণ লোকদের রক্ষা করতে আমরা একত্রে কাজ করতে পারি।
