২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আল কায়দা সন্দেহে ২১ জনকে আটক

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় ওয়াজিরস্তান পার্বত্য এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ২১ জন সন্দেহভাজন আল কায়দা সদস্যকে আটক করেছে বলে মঙ্গলবার দেশটির সেনা সূত্রে জানা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 03:51 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

আফগানিস্তান সীমান্ত এলাকায় ১০ সেপ্টম্বর থেকে পরিচালিত পাঁচটি ভিন্ন অভিযানে সন্দেহভাজন জঙ্গিদের সাথে সংঘর্ষের পর মিসাইল এবং বিপুল পরিমাণ মজুদ অস্ত্র পাক সেনাবাহিনী উদ্ধার করে।

পেশোয়ারে এক সাংবাদিক সম্মেলনে লে. জেনারেল সফদার হোসেন বলেন, উত্তর ওয়াজিরস্তানে পলাতক আল কায়দা এবং তাদের স্থানীয় অনুসারীদের বিরুদ্ধে এটাই এ যাবতকালের সর্ববৃহৎ সামরিক অভিযান। আফগানিস্তানের খোস্ট এবং পাকটিকা প্রদেশের সীমান্তবর্তী উত্তর ও দক্ষিণ ওয়াজিনস্তানের বিশাল উপজাতীয় অঞ্চল সীল করতে অতিরিক্ত পাঁচ হাজার সেনা সদস্যকে সেখানে মোতায়েন করতে হয়।

অবৈধ অনুপ্রবেশ রোধে আফগানিস্তানের সাথে ২১০০ কিলোমিটার অরক্ষিত সীমান্ত বরাবর পাকিস্তান ইতোমধ্যে ৭০ হাজার সেনা মোতায়েন করেছে।

সর্বশেষ আটককৃতদের তালিকায় বেশ কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছে বলে তিনি জানান। তবে জঙ্গিরা কোন দেশের এবং উদ্ধারকৃত ইউএভিএস ও মিসাইলের সংখ্যা কত সে ব্যাপারে তথ্য দিতে রাজী হননি।

সন্ত্রাসীদের অবাধ বিচরণ ক্ষেত্র হিসেবে ওয়াজিরস্তানে মূলত ২০০৪ সাল থেকে পাকিস্তান সেনাবাহিনী মাঝে মধ্যেই সামরিক অভিযান চালিয়ে আসছে এবং এর মধ্যে ১৭৪ জন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সন্ত্রাসীদের অধিকাংশই বিদেশী এবং উজবেক, চেচেন কিংবা আরব নাগরিক। ৬০০ জন সন্ত্রাসীকে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

পকিস্তান জানায়, ২০০১ সালের পর থেকে তারা এ পর্যন্ত ৭০০ জন সন্দেহভাজন আল কায়দা সদস্যকে গ্রেফতার করেছে, এরমধ্যে কয়েকজন শীর্ষ নেতাও রয়েছে।