কোইজুমি ২০০৬ সালে পদত্যাগ করবেন
নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি জাপানের অর্থনীতিতে ব্যাপক সংস্কারের সুযোগ পেলেও ২০০৬ সাল নাগাদ দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা ব্যক্ত করেছেন।
কোইজুমির জনপ্রিয়তাই তার দলকে রোববার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করতে সাহায্য করেছে। সংসদের নিম্ন কক্ষের ৪৮০টি আসনের মধ্যে ২৯৬টি আসনে জয়লাভ করে তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। ১৯৮৬ সালের পর এই প্রথম এলডিপি এত বেশি সংখ্যক আসন পেয়েছে।
কোইজুমি জাপানের ডাকবিভাগকে বেসরকারিকরণ করার প্রস্তাব দিলে তা জাপানের সংসদে পাশ না হওয়ায় সাধারণ নির্বাচনের ঘোষণা দেন।
কিন্তু নির্বাচনে জয়লাভের পরও কোইজুমি বলেছেন, তিনি ১২ মাস পর লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্টের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন।
নির্বাচন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের আগ থেকেই তিনি ২০০৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত কাজ করার কথা বলে আসছিলেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট বা পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে থাকার কোন পরিকল্পনা তার নেই। তিনি আরও বলেন, তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেননি। কোইজুমি ২০০১ সালে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আরোহন করেন। গত প্রায় দু’ দশকে প্রধানমন্ত্রী হিসেবে তিনিই সবচে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।
এদিকে টোকিওতে বসবাসরত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জাপান বিষয়ক গবেষক জেরাল্ড এল. কার্টিস দলের জন্য কোইজুমিকে প্রয়োজন বলে উল্লেখ করে বলেন, এলডিপি কোইজুমিকে দায়িত্বে রাখার চেষ্টা করছে। ১৯৫৫ সাল থেকে এলডিপি জাপানের রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে।
