বসনিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনে ব্রুস লি
সাম্প্রদায়িক দাঙ্গা শেষ হয়ে গেলেও দাঙ্গা-পরবর্তী সময়ে বিবদমান সম্প্রদায়গুলোর মধ্যে কোন সদ্ভাব ছিল না। তবে সম্প্রতি সাম্প্রদায়িকভাবে মুসলিম, সার্ব ও ক্রোয়েট বিভক্ত বসনিয়ার মোস্তার শহরের অধিবাসীরা একটি প্রশ্নে ঐকমত্য প্রকাশ করেছে।
ঐক্যের প্রতীক হিসেবে তিন সম্প্রদায়ের কাছেই সমানভাবে পুজনীয় কুংফু কিংবদন্তী ব্রুস লি’র ভাস্কর্য স্থাপনে তারা এক হয়েছে।
একদল উৎসাহী মানুষ ২০০৩ সালে ব্রুসলি’র ত্রিশতম মৃত্যুবার্ষিকীতে তাঁর একটি মূর্তি স্থাপনের মাধ্যমে কুংফু কিংবদন্তীকে সম্মান জানানোর উদ্যোগ গ্রহণ করে। সে মোতাবেক তারা প্রজেক্ট পরিচালনা করে, অর্থ সংগ্রহ করে। অবশ্য শহর কর্তৃপক্ষের অনুমতির জন্য তাদেরকে এক বছর অপেক্ষা করতে হয়েছে।
আরবান মুভমেন্ট অর্গানাইজেশনের সদস্য ভিসেলিন গ্যাটালো জানান, নভেম্বর মাসেই শহরের কেন্দ্রস্থলে ভাস্কর্য স্থাপনের কাজ শুরু করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি।
তার ভাষায়, ১৯৯৩-১৯৯৪ সালে মুসলিম ও ক্রোটদের সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতবিক্ষত মোস্তার শহর বিচার, নেতৃত্ব ও সততার একটি প্রতীকের প্রয়োজন ছিল। চীনা বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ব্রুসলি এক্ষেত্রে একটি কিংবদন্তিতূল্য প্রতীক।
সানফ্রান্সিসকোতে জন্মগ্রহণকারী ব্রুসলি বেশ কয়েকটি কুংফু প্রধান চলচ্চিত্রে অভিনয় করেছেন। তন্মধ্যে ১৯৭৩ সালের এন্টার দ্য ড্রাগনও রয়েছে। মাত্র বত্রিশ বছর বয়সে মস্তিস্কে রক্তক্ষরণে তিনি মারা যান।
জার্মানের একটি প্রতিষ্ঠান প্রজেক্টটি বাস্তবায়ন করার জন্য পাঁচ হাজার ইউরো বরাদ্দ দিয়েছে।
ব্রোঞ্জের নির্মিত প্রস্তাবিত ভাস্কর্যটিতে মার্শাল আর্টের একটি বিশেষ ভঙ্গিমায় ব্রুসলিকে ফুটিয়ে তোলা হবে।
