২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন জরুরী সাহায্য কর্মকর্তার পদত্যাগ

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ জরুরী সাহায্য কর্মকর্তা পদত্যাগ করেছেন। সামুদ্রিক ঘূর্ণিঝড় ক্যাটরিনার আঘাত পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক সমালোচনার পর তিনি পদত্যাগ করলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 09:33 AM

Updated : 26 Apr 2022, 06:06 PM

ফেডারেল এমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ফিমা) পরিচালক মাইকেল ব্রাউনকে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ উদ্ধার কার্যক্রমের প্রধানের দায়িত্ব দিয়েছিলেন।

প্রেসিডেন্ট বুশ ক্যাটরিনা বিধ্বস্ত নিউ অরলিন্স পরিদর্শণের পর ব্রাউন পদত্যাগ করলেন।

এদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যে এ পর্যন্ত ৫০০ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। ঘূর্ণিঝড় পরবর্তী বন্যার পানিতে ডুবে যাওয়া হাসপাতালে ৪৪ জন বৃদ্ধ রোগীর মৃতদেহ পাওয়া গেছে।

মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে বলে অনেকে ধারণা করলেও কর্মকর্তারা বলেছেন, শেষ পর্যন্ত মৃতের সংখ্যা আরও কম হবে।

মতামত জরিপে দেখা গেছে, ঘূর্ণিঝড় মোকাবেলায় বুশের পদক্ষেপে কেউই তেমন একটা সন্তুষ্ট নয়।

ব্রাউন বলেছেন, তিনি তার এজেন্সি ও প্রেসিডেন্ট বুশের বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে পদত্যাগ করেছেন।

হোয়াইট হাউজ মুখপাত্র স্কট ম্যাকক্লিন, এয়ার ফোর্স ওয়ান-এর প্রতিবেদকদের বলেছেন, প্রেসিডেন্ট বুশ ব্রাউনের কাজের প্রশংসা করেছেন।

তিনি আরও বলেন, এটা ব্রাউনের নিজস্ব সিদ্ধান্ত।

সপ্তাহ শেষে ব্রাউনকে লুজিয়ানা থেকে ওয়াশিংটনের তলব করা হয়েছে। মার্কিন কোস্ট গার্ড ভাইস অ্যাডমিরাল থাড অ্যালেনকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

কিন্তু মার্কিন গণমাধ্যম এবং বিরোধী রাজনীতিবিদরা ব্রাউনের কঠোর সমালোচনা করে বলেন, তিনি দুর্যোগ মোকাবেলায় পারদর্শী নন। এছাড়াও ২০০১ সালে ব্রাউনকে ফিমা প্রধান হিসেবে নিয়োগ দেওয়ায় বুশেরও সমালোচনা করেন তারা।

টাইম ম্যাগাজিন বলেছে, এজেন্সিতে নিয়োগের আগে জরুরী সাহায্য প্রদানের ব্যাপারে তার কোন অভিজ্ঞতাই ছিল না।

ওয়াশিংটন পোস্টে বলা হয়, পাঁচ থেকে আটজন শীর্ষ ফিমা কর্মকর্তাকে দুর্যোগ মোকাবেলার পূর্ব অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছে। তারা মূলত ২০০০ সালে নির্বাচনী প্রচারণায় বুশকে সহযোগিতা করেছিল।

ডেমোক্র্যাটিক নেতা ন্যান্সি পেলোসি বলেন, ব্রাউনের পদত্যাগ দেশ ও উপসাগরীয় উপকূলীয় রাজ্যগুলোর জন্য সঠিক সিদ্ধান্ত।