৩৮ বছরের দখলদারিত্বের অবসান: ইসরাইলি বাহিনীর গাজা ত্যাগ, ফিলিস্তিনিদের প্রবেশ
ইসরাইলি বাহিনী সোমবার গাজা উপত্যকা ছেড়ে গেছে। এর মধ্য দিয়ে সেখানে দীর্ঘ ৩৮ বছরের দখলদারিত্বের অবসান হয়েছে।
নিজেদের ভূমি ফিরে পেয়ে উচ্ছ্বসিত ফিলিস্তিনিরা পতাকা উত্তোলনসহ আকাশে ফাঁকা গুলি ছুঁড়ে আনন্দ প্রকাশ করছে।
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজা সিটিতে সাংবাদিকদের বলেন, প্যালেস্টাইনি জনগণের জন্য দিনটি মহা আনন্দের। এজন্য তাদেরকে শত বছর অপেক্ষা করতে হয়নি।
প্যালেস্টাইনি যুবকরা ইসরাইলিদের বিভিন্ন চিহ্ন ভেঙ্গে দিয়েছে এবং সেখানকার ২১টি স্থানের সিনাগগ (ইহুদি উপাসনালয়) পুড়িয়ে দিয়েছে।
কয়েকজন ফিলিস্তিনিকে ‘আল্লাহু আকবর’ স্তব তুলে, মাটিতে চুমু খেয়ে নিজেদের ভূমির প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা যায়। অনেকে আবার আদি ভূমধ্যসাগরীয় বেলাভূমির দিকে দৌঁড়ে নেমে যায়।
‘আমার জীবনের সবচে আনন্দের দিন আজ’-এভাবেই অভিব্যাক্তি প্রকাশ করেন ৫০ বছর বয়স্ক জাওয়াদ আবু লাফি। আরেক মহিলা বলেন, ‘আমরা কোন ভয় এবং দখলদারী ছাড়াই নতুন একটি জীবন শুরু করতে যাচ্ছি।’
ইসরাইলি প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারনের গাজা উপত্যকা ছেড়ে যাওয়ার চূড়ান্ত নির্দেশ পাওয়ার পর সেনাবাহিনী ট্যাংক ও অন্যান্য সাজোয়া যান নিয়ে গাজা থেকে ইসরায়েলে রওনা দেয়।
এদিকে রোববার সেনা প্রধান ড্যান হালুজ ইসরাইলি পতাকা নামানোর অনুষ্ঠানে বলেন, আমাদের প্রধানের নির্দেশেই আমরা ছেড়ে যাচ্ছি।
২০০০ সালে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে ইসরাইলি বাহিনী গাজা উপত্যকা দখল করে নেয়।
তবে ইসরাইলি সেনারা গাজা ছেড়ে গেলেও এটি শ্যারনের কোন চাল কি না তা বুঝে উঠতে পারছে না ফিলিস্তিন কর্তৃপক্ষ। গাজায় বসবাসকারী ১৪ লাখ ফিলিস্তিনিকে ছাড় দিয়ে শ্যারন দুই লাখ ৪৫ হাজার ইহুদি বসতির জন্য স্থায়ী আবাসভূমি হিসেবে পশ্চিম তীরকেই বেছে নেবেন কি না সে ব্যাপারে সন্দিহান তারা।
