গাজা এলাকা থেকে সরে আসতে বলা হয়েছে ইসরাইলি সেনাবাহিনীকে
গাজা এলাকা থেকে সরে আসতে বলা হয়েছে ইসরাইলি সেনাবাহিনীকে। মন্ত্রি পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সৈন্যরা ওই এলাকা ত্যাগ করতে শুরু করেছে।
ইহুদী বসতি প্রত্যাহারের পর গাজায় অবস্থিত ইহুদিদের দুই ডজনেরও বেশি ‘সিনাগগ’-এর ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছিলো। মন্ত্রিপরিষদে স্পর্শকাতর বিষয় ‘সিনাগগ’ নিয়ে ভোটাভুটি সম্পন্ন হয়। তবে গাজা এলাকা থেকে ইসরাইলি সেনাবাহিনী পুরোদমে প্রত্যাহারের পর সিনাগগগুলোর ভাগ্য নির্ধারণ করা হবে বলে ইসরাইলি সরকার জানিয়েছে।
রোববার গাজা এলাকা থেকে সেনাবাহিনী প্রত্যাহারের কাজ শুরু হয়েছে। ইসরাইল সুপ্রীম কোর্ট এসব সিনাগগগুলো উচ্ছেদের কথা নাকচ করে দিয়েছে। কারণ সিনাগগগুলো ইহুদিদের কাছে একটি স্পর্শকাতর বিষয়। সিনাগগগুলো যদি সেখান থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে গাজা থেকে সেনাবাহিনী প্রত্যাহারে আরো সময় লাগবে।
এদিকে ফিলিস্তিন কর্তৃপক্ষ গাজা এলাকার জমিগুলো নিয়ন্ত্রণের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ইসলামী জঙ্গি সংগঠন হামাস দাবি করেছে, তারা গাজা এলাকা থেকে ইহুদি বসতি প্রত্যাহারের ব্যাপারে ইসরাইল সরকারকে বাধ্য করেছিলো। গাজা থেকে ইসরাইলি বসতি প্রত্যাহারের পর চুক্তি অনুযায়ী মিসর গাজা সীমান্তে দুইশ’ সৈন্য মোতায়েন করে।
