বিভীষিকাময় ৯/১১ স্মরণ করছে বিশ্ববাসী
৯/১১ হামলার চতুর্থ বার্ষিকীতে রোববার আমেরিকানদের পাশাপাশি বিশ্ববাসী দিনটিকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। ২০০১ সালের এই দিনে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঘন্যতম সন্ত্রাসী হামলায় প্রায় তিন হাজার লোক নিহত হয়।
বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছে ওই হামলায় নিহত ২,৭৪৯ জনের নাম তাদের ভাই বোনেরা পড়ে শোনাবেন।
প্রতিবারের মতো এবারও নিউইয়র্ক সিটির ‘গ্রাউন্ড জিরো’য় বার্ষিক স্মরণ সভাসহ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আগেই দিনটিকে জাতীয় প্রার্থনা ও স্মরণ দিবস হিসেবে ঘোষণা করেন।
স্থানীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে উত্তর দিক টাওয়ারে প্রথম বিমানটি আঘাত হানে। এ সময়েই এক মিনিট নীরবতা পালন করা হবে।
ক্যাটরিনা আক্রান্ত নিউ অরলিন্সসহ অন্যান্য অঙ্গরাজ্যেও শোকানুষ্ঠান পালিত হবে।
এক সাপ্তাহিক বেতার ভাষণে প্রেসিডেন্ট বুশ সকল আমেরিকানকে ৯/১১ এর চেতনায় সকলকে উদ্বুদ্ধ হয়ে ওই দিনে নিহতদের স্মরণ করার আহ্বান জানান।
তিনি সকলকে ৯/১১ পরবর্তী পরিস্থিতি মোকাবেলার অভিজ্ঞতায় সকলকে ক্যাটরিনার দুর্যোগ মোকাবেলার আহবান জানান।
প্রেসিডেন্ট বুশ এর আগে এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেসিডেন্ট বুশ বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের চলমান যুদ্ধ অব্যাহত থাকবে।
হামলার চার বছর নিহতদের স্মরণে ধ্বংস হয়ে যাওয়া টুইন টাওয়ারের ওই স্থানটির নাম দেওয়া হয়েছে গ্রাউন্ড জিরো। এখানেই নির্মিত হচ্ছে ফ্রিডম টাওয়ার। ২০১১ সালে এই ফ্রিডম টাওয়ার উন্মুক্ত করা হবে।
তাছাড়া ওই সন্ত্রাসী হামলায় পেন্টাগনের যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, এক বছরের মধ্যে সেই অংশ পুনরায় মেরামত করা হয়। পেন্টাগনের ওই অংশে বিমান বিধ্বস্ত হয়ে ১৮৪ জন নিহত হয়।
হাইজ্যাক হওয়া চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ার মাঠে বিধ্বস্ত হলে বিমানের ৪০ যাত্রীই নিহত হয়। হামলার প্রথম বার্ষিকীতে ওই স্থানে বিধ্বস্ত বিমানটির নাম অনুসারে ফ্লাইট ৯৩ মেমোরিয়াল চ্যাপেল নামে একটি চার্চ তৈরি করা হয়।
পোপ বেনেডিক্ট ষোড়শ ১১ সেপ্টেম্বরের নিহতদের স্মরণ করে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই নয় বাংলাদেশ, জার্মানি, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। রাশিয়ার ভোলগোগার্ড শহরে প্রায় ৫০ হাজার লোক ৪০ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন পালন করে।
