২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছিপছিপে শারীরিক গঠনের জন্য সিরিয়াল

প্রতিদিন সকালের নাস্তায় সিরিয়াল খেলে মেয়েদের শরীরের গঠন ছিপছিপে হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 12:00 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

সম্প্রতি বাল্টিমোরের মেরিল্যান্ড মেডিকেল রিসার্চ ইউনিটের এক গবেষণার ফলাফলে এ তথ্য জানা গেছে।

গবেষণায় দেখা গেছে, গত ১০ বছর ধরে যেসব টিনেজ মেয়ে সপ্তাহে তিন দিন বা তারও বেশি দিন প্রাতঃরাশে সিরিয়াল খেয়েছে, তারা ওজন ও উচ্চতা পরিমাপক বডি মাস ইনডেক্স বা বিএমআই ধরে রাখতে সক্ষম হয়েছে।

আর যারা নিয়মিত সিরিয়াল খায়নি, তাদের ওজন বেড়েছে ১৩ শতাংশ।

গবেষণা দলের প্রধান ব্রুস বার্টন বলেন, ৯ থেকে ১৯ বছর বয়সীদের ওপর খুব কম সংখ্যক গবেষণাই হয়েছে। তাছাড়া এ বয়সে মেয়েরা বেশ মুটিয়েও যায় তাই এ বয়সী মেয়েদের ওপর গবেষণা করা হয়েছে।

সিরিয়াল প্রস্তুতকারক জেনারেল মিলসের সহযোগিতায় ন্যাশনাল হার্ট, লাংস ও ব্লাড ইন্সটিটিউটের গবেষণাটি জার্নাল অব দ্যা আমেরিকান ডায়েটিক অ্যাসোসিয়েশনের সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত হয়।

ন্যাশনাল হার্ট, লাংস ও ব্লাড ইন্সটিটিউটের গ্রোথ হেলথ স্টাডি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বার্টন ও তার দল ৯ থেকে ১০ বছর বয়সী প্রায় দুই হাজার চারশ’ মেয়ের খাবারের তালিকা ও ওজন বিশ্লেষণ করে এ তথ্য অনুসন্ধান করেছেন।

তারা ওই মেয়েদের বহুদিন ধরে প্রাতঃরাশে গ্রহণকৃত খাবারের তালিকা তৈরির জন্য বলেন। এরপর বিএমআই-এর ভিত্তিতে তাদের ওজন রেকর্ড করেন।

এতে দেখা যায়, যারা সপ্তাহের তিন দিন বা তারও বেশি দিন সকালে সিরিয়াল খেয়েছে তাদের বিএমআই ২৫ এর কম। অর্থাৎ তারা সুস্থ। আর যারা তা খায় নি তাদের বিএমআই ২৭। ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার ১৬০ পাউন্ড ওজনের মেয়েদের বিএমআই সাধারণত ২৫ হয়ে থাকে। অন্যদিকে মেদবহুল মেয়েদের বিএমআই ৩০ বা ততোধিক হয়ে থাকে।

সকালের নাস্তা না খেলে বরং ওজন বাড়ে বলে বার্টন মনে করেন।

সিরিয়াল খেলে কিভাবে চিকন থাকা যায় তার কারণ হিসেবে তিনি বলেন, সিরিয়ালে উচ্চ মাত্রার আঁশ রয়েছে, যা অল্প পরিমাণে খেলেই পেট ভরে যায়। ফলে তা খুব বেশি খাওয়া যায় না। তিনি সিরিয়ালের সাথে দুধ বা কমলার রস খাওয়ার কথা বলেন। এ ব্যাপারে তিনি বলেন, দুধে রয়েছে ক্যালসিয়াম, যা ওজন কমায়। আর সিরিয়ালে রয়েছে ভিটামিন, মিনারেল, ফলিক এসিড, ক্যালসিয়াম ও আয়রন। ফলে তা শরীরে পুষ্টি যোগায়।