২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে জর্ডান প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর

জর্ডানের প্রধানমন্ত্রী শনিবার ইরাক সফর করেছেন। জর্ডানের প্রধানমন্ত্রীর এই সফরের ব্যাপক প্রশংসা করেছে ইরাক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 09:26 AM

Updated : 26 Apr 2022, 06:06 PM

দুদেশের সম্পর্ক সংহত করতে জর্ডানের প্রধানমন্ত্রী আদনান বাদরান ইরাকি প্রধানমন্ত্রী ইব্রাহিম জাফারির সাথে বাগদাদে সাক্ষাৎ করেন।

প্রতিবেশী আরব দেশটি সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে মদদ দিচ্ছে বলে ইরাকের অভিযোগ উত্থাপনের কয়েক সপ্তাহের মধ্যে জর্ডানের প্রধানমন্ত্রী এই সফরে আসলেন।

২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর এই প্রথম কোন আরব নেতা ইরাক সফরে আসলেন।

বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ইরাকি প্রধানমন্ত্রী জাফারি বলেন, এই সফর আমাদের কাছে অর্থবহ এবং এটা একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের কেন্দ্রবিন্দু।

জাফারি বলেন, আমি সকল আরব রাষ্ট্রকে জর্ডানের দৃষ্টান্ত অনুসরণ করার আহ্বান জানাই। আজকের সফর একটি প্রতিবন্ধকতা ভেঙেছে।

জর্ডানের প্রধানমন্ত্রী বাদরান বলেছেন, সীমান্তকে আরো নিরাপদ করতে উভয় দেশের একসাথে কাজ করা উচিত।

তিনি আরো বলেন, যৌথ নিরাপত্তা বিষয়ক সকল ইস্যু আলোচনা করতে জর্ডান ও ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রীদের সমন্বয়ে একটি যৌথ নিরাপত্তা কমিটি গঠন করা হবে।

বাদরান বলেন, জর্ডানের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যই ইরাকের নিরাপত্তা গুরুত্বপূর্ণ।

গত মাসের শেষের দিকে আল কায়েদার সঙ্গে জড়িত তিন সন্দেহভাজনকে খুঁজে বের করতে জর্ডান ইরাকের সহায়তা চেয়েছিল। আকাবার মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলার সাথে সংশ্লিষ্টতার জন্য তাদের ধরার চেষ্টা হচ্ছিল।

হামলার পর ওই তিন ব্যক্তি সীমান্ত পর হয়ে ইরাকে পালিয়ে আসে। তখন জর্ডান তার আল কারামাহ সীমান্তে ইলেকট্রনিক ক্রস বর্ডার মনিটরিং সিস্টেম চালু করে।

ইরাক ও জর্ডানের সীমান্তে যানবাহন ও লোকজনের চলাচলের ব্যাপক বৃদ্ধি মোকাবেলায় বর্ডার ক্রসিংকে উন্নততর করা হবে বলে বাদরান জানান।

ইরাক তার উত্তরাঞ্চলীয় তালাফার শহরের নিকটবর্তী সিরিয়া সীমান্তের রাবিয়াহ ক্রসিং বন্ধ করে দেওয়ার পর জর্ডানের প্রধানমন্ত্রী বাগদাদ সফরে এলেন।

জাফারি আরব দেশগুলোর কূটনীতিকদের ইরাক পাঠানোর আহ্বান জানান।

২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর জর্ডান ইরাক থেকে তার কূটনীতিক প্রত্যাহার করে নেয়।