৯/১১ হামলার চতুর্থ বার্ষিকী রোববার
৯/১১ হামলার চতুর্থ বার্ষিকী রোববার। দিনটি উদযাপন উপলক্ষ্যে মার্কিনীরা প্রতিবারের মতো এবারও নিউইয়র্ক সিটির ‘গ্রাউন্ড জিরো’য় বার্ষিক স্মরণ সভাসহ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।
প্রেসিডেন্ট জর্জ বুশ দিনটিকে জাতীয় প্রার্থনা ও স্মরণ দিবস হিসেবে ঘোষণা করেছেন।
এ উপলক্ষ্যে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সেদিনের নিহতদের প্রতি আমাদের শ্রদ্ধা সর্বদা অটুট থাকবে। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। প্রেসিডেন্ট বুশ বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের চলমান যুদ্ধ অব্যাহত থাকবে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের এ হামলায় প্রায় তিন হাজার লোক নিহত হয়।
দিনটি পালন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যারা নিহতদের পরিবারের সদস্যরা তাদের নাম পড়ে শোনানো হবে। নিহতদের পরিবার পরিজন ধ্বংস হয়ে যাওয়া টুইন টাওয়ারের পাদদেশে সমবেত হবেন। টুইন টাওয়ারের পাদদেশের বর্তমান নাম গ্রাউন্ড জিরো।
ভয়াবহ এ হামলায় নিহতদের স্মরণ রাখতে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হিসেবে ধ্বংস হওয়া টুইন টাওয়ার খ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাদদেশে তৈরি করা হচ্ছে ‘গ্রাউন্ড জিরো’ নামক স্ট্যাচু।
তাছাড়া ওই সন্ত্রাসী হামলায় পেন্টাগনের যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, এক বছরের মধ্যে সেই অংশ পুনরায় মেরামত করা হয়। পেন্টাগনের ওই অংশে বিমান বিধ্বস্ত হয়ে ১৮৪ জন নিহত হয়।
হাইজ্যাক হওয়া চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ার মাঠে বিধ্বস্ত হলে বিমানের ৪০ যাত্রীই নিহত হয়। হামলার প্রথম বার্ষিকীতে ওই স্থানে বিধ্বস্ত বিমানটির নাম অনুসারে ফাইট ৯৩ মেমোরিয়াল চ্যাপেল নামে একটি চার্চ তৈরি করা হয়।
