ইরাকের তালাফা শহরে মার্কিন বড় ধরনের হামলা
ইরাকের সিরিয়া সীমান্তের কাছে গেরিলা অধ্যুষিত উত্তরাঞ্চলীয় শহর তালাফায় বিদ্রোহীদের প্রধান ঘাঁটিতে ইরাক ও মার্কিন বাহিনী বড় ধরনের অভিযানে নেমেছে।
গত বছর ফালুজায় বড় ধরনের অভিযানের পর এটাই হলো দ্বিতীয়বারের মত বড় অভিযান।
সেনাবাহিনী শহরের প্রধান প্রধান রাস্তাগুলোতে ব্যাপক তল্লাশী চালাচ্ছে এবং ঘরবাড়ির ছাদে অবস্থান নিয়েছে। শহরের একটি এলাকায় ব্যাপক গোলাগুলির শব্দও শোনা গেছে। ইরাকের প্রধানমন্ত্রী ইব্রাহীম আল জাফারির একজন মুখপাত্র একথা জানান।
মার্কিন বাহিনী জানায়, সীমান্তবর্তী এই শহরে বিদেশি গেরিলারা ইরাকে হামলা শেষে সীমান্ত হয়ে প্রতিবেশি দেশগুলোতে প্রবেশ করত। গত সপ্তাহে মার্কিন বাহিনী তালাফায় বিমান হামলা চালায়। অভিযান শুরু হওয়ার আগেই কমপক্ষে দুই লাখ অধিবাসী শহর ছেড়েছে।
