বিশ্বের সবচে দ্রুতগামী অন্ধ গাড়ি চালক
ঘন্টায় ২৬৯ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে শনিবার বিশ্বের সবচে দ্রুতগামী অন্ধ চালকের রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার হেইন ওয়াগনার।
কেপটাউনের বাসিন্দা হেইন জন্মান্ধ হলেও ইন্দ্রিয়র সাহায্যে গাড়ি চালিয়ে এই রেকর্ড গড়েছেন। ৩৩ বছর বয়স্ক হেইন ধার করা মাসেরাটি ভি ৮ গ্রানস্পোর্ট চালিয়ে রেকর্ড গড়ার পর বলেন, তিনি আবারও রেকর্ড গড়তে চান। তবে সেটি গাড়ি নয়, বিমান চালিয়ে।
প্রত্যন্ত একটি এয়ারস্ট্রিপে এই রেকর্ড গড়ার সময় তার গতিবেগ পর্যবেক্ষণ করে মোটরস্পোর্ট সাউথ আফ্রিকা নামক একটি মোটর সংস্থা। গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের জন্য তিনি এই দুঃসাহসিক কাজটি করেন। তবে এজন্য কোন বীমা প্রতিষ্ঠান তাকে বীমা দিতে রাজি হয়নি।
এর আগে এক ব্রিটিশ অন্ধ ব্যাংক ম্যানেজার ঘন্টায় ২৩৩ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে রেকর্ড গড়েন।
