মার্কিন যুক্তরাষ্ট্রের জরুরি ত্রাণ কর্মকর্তা প্রত্যাহার
মার্কিন জরুরী ত্রাণ কর্মকর্তা মাইকেল ব্রাউনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সামুদ্রিক ঘূর্ণিঝড় ক্যাটরিনা-পরবর্তী ত্রাণ ব্যবস্থাপনায় ব্যর্থতার করণে তাকে প্রত্যাহার করে নেওয়া হল।
ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি’র (ফিমা) পরিচালক মাইকেল ব্রাউনকে লুইজিয়ানা থেকে ওয়াশিংটনে সরিয়ে আনা হয়েছে। তিনি লুজিয়ানায় ত্রাণ তৎপরতার তদারকি করছিলেন।
লুইজিয়ানা থেকে ব্রাউনকে প্রত্যাহার করে নেওয়া হলেও তিনি এখনও ফিমার পরিচালকের পদে আসীন রয়েছেন। ক্যাটরিনা পরবর্তী সময়ে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় ধীরগতির কারণে তিনি কঠোর সমালোচনার মুখে পড়েন।
ব্রাউনের স্থলে কোস্ট গার্ড ভাইস অ্যাডমিরাল থাড ডব্লিউ অ্যালেনকে নিয়োগ দেওয়া হয়েছে। অ্যালেন নিউ অরলিন্স অঙ্গরাজ্যের ত্রাণ ও উদ্ধার তৎপরতা তদারকি করছেন।
পদ পুনর্বন্টনের ঘোষণার সময় হোমল্যান্ড সিকিউরিটি চিফ মাইকেল চারটফ জানিয়েছেন, মাইকেল ব্রাউন ফিমা’র পরিচালকের পদে আসীন থাকবেন।
লুইজিয়ানার ব্যাটন রগে এক সংবাদ সম্মেলনে চারটফ বলেন, ফিমা’র কাযক্রম জাতীয়ভাবে পরিচালনার জন্য মাইকেল ব্রাউনকে আমি ওয়াশিংটনে ফেরার নির্দেশ দিয়েছি।
তিনি ব্রাউনের ত্রাণ ও উদ্ধার তৎপরতা কাজের প্রশংসা করেন। তিনি বলেন, ব্রাউনের জায়গায় আসীন অ্যালেনের প্রতিও তার পূর্ণ সমর্থন রয়েছে।
জরুরি ব্যবস্থাপনায় ব্রাউন তার পূর্বঅভিজ্ঞতার কথা বাড়িয়ে বলেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
ওয়াশিংটনে বদলির নির্দেশ পাবার পর ব্রাউন সাংবাদিকদের বলেন, তার সম্পর্কে যে মিথ্যা বলা হয়েছে ও অপূর্ণাঙ্গ তথ্য দেওয়া হয়েছে, তা সংশোধন করতে তিনি ওয়াশিংটনে ফিরে যেতে আগ্রহী।
তিনি বলেন, ‘গল্পটি’ তার ক্যারিয়ার নিয়ে নয়। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগের।
এ পদে ব্রাউনের নিয়োগ ও যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। আর এ কারণে চাপের মুখে রয়েছে হোয়াইট হাউজ।
ক্ষমতাসীন রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক দলের অনেক শীর্ষ নেতাই ত্রাণ ও উদ্ধার তৎপরতায় বিলম্বে সাড়া দেয়ার জন্য প্রশাসনের সমালোচনা করেছেন।
সাবেক মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কলিন পাওয়েল ত্রাণ ও উদ্ধার তৎারতা সম্পর্কে বলেছেন, ক্যাটরিনা পরবর্তী সময়ে স্থানীয়, অঙ্গরাজ্য ও ফেডারেল-সকল পর্যায়েই ব্যর্থতা ফুটে উঠেছে।
