২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে প্রথম মুসলিম সেনাপ্রধান নিয়োগ

সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধধর্মাবলম্বীদের দেশ থাইল্যান্ড। দেশটির দক্ষিণাঞ্চলে অধিক সংখ্যক মুসলমানদের বসবাস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2005, 01:48 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

ঐ অঞ্চলে সরকারী বাহিনীর সাথে মুসলিম সশস্ত্র বিদ্রোহীদের রক্তক্ষয়ী সংঘর্ষ লেগেই আছে। এমতাবস্থায় বৃহস্পতিবার থাইল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতো একজন মুসলিম জেনারেলকে সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব অর্পণ করা হলো।

বিশ্লেষকের মতে, রাজকীয় প্রাসাদ থেকে ভিয়েতনাম যুদ্ধের দু:সাহসী জেনারেল সনথি বোনিয়ারাতগ্লিনকে নিয়োগ দেয়ার সম্ভবত অন্যতম কারণ হচ্ছে, তার একদিকে যেমন রয়েছে যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা তেমনি মুসলিম ধর্মের বাইরেও অন্য ধর্ম সম্বন্ধে রয়েছে অগাধ পান্ডিত্য।

গত এক বছরে দক্ষিণাঞ্চলের মুসলিম অধ্যুষিত এলাকায় সহিংসতায় ৮’শ লোক নিহত হয়েছে। নতুন সেনাপ্রধান মুসলমান জনগোষ্ঠীর মন জয় করে শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে হয়তো বিশেষ ভুমিকা রাখতে সক্ষম হবেন বলে সবার বিশ্বাস।

সনথি ১ অক্টোবর দু’ই বছরের জন্য সেনাপ্রধানের দায়িত্ব বুঝে নিবেন। কারণ ইতোমধ্যে তার ৬০ বছর পূর্ণ হয়ে যাবে এবং বাধ্যতামূলক অবসর নিতে হবে।

ব্রুনাইয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার সেনাবাহিনীর প্রধানদের এক সম্মেলনে বর্তমানে থাইল্যান্ডের সেনাপ্রধান প্রবিত অংসোয়ানের পক্ষ থেকে যোগদানকারী সনথি বলেন, “আমি রাজকীয় থাই সেনাবাহিনীকে জনগণের বাহিনীতে পরিণত করবো এবং সেনাবাহিনীকে জনগণের আকাঙ্খিত হৃদয়ের ভালবাসার বাহিনীতে পরিবর্তিত করবো। দক্ষিণাঞ্চলে আমাদের পর্যাপ্ত সেনা সদস্য রয়েছে। উদ্দেশ্য হাসিলের জন্য এখন আমাদের ভিন্ন ভূমিকা নিতে হবে।”

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের তিনটি প্রদেশে মুসলমানরা মালয় ভাষায় কথা বলে। সেখানে ৩০ হাজারের বেশী সেনাসদস্য ও পুলিশ থাকার পরও প্রতিদিন গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।