মানবাধিকার পরিস্থিতি নিয়ে উত্তর কোরিয়ার সাথে আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার লংঘন নিয়ে সরাসরি উত্তর কোরিয়ার সাথে আলোচনা করতে চায়।
তবে উত্তর কোরিয়ার মানবাধিকার রেকর্ডের সাথে সমাজতান্ত্রিক রাষ্ট্রটিকে দেওয়া আন্তর্জাতিক সহায়তার যোগসূত্র সৃষ্টি করা হবে কিনা সে ব্যাপারে ওয়াশিংটন স্পষ্ট করে কোনও কিছু জানায়নি।
উত্তর কোরিয়ার মানবাধিকার বিষয়ক নবনিযুক্ত মার্কিন বিশেষ প্রতিনিধি জে লিফকোয়িতজ বৃহস্পতিবার বলেন, মানবাধিকার ইস্যুতে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সাথে সরাসরি আলোচনা করতে তিনি পরিকল্পনা করছেন।
লিফকোয়িত্জ সাংবাদিকদের বলেন, যেখানেই হোক না কেন, মানবাধিকার ইস্যু নিয়ে উত্তর কোরিয়ার সাথে সরাসরি ও খোলাখুলি আলোচনা করতে চাই।
তিনি বলেন, এটা একটি কঠিন কাজ হবে। তারপরও বৈঠকে প্রতিটি দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে আমি চেষ্টা করব। জাপান, দক্ষিণ কোরিয়া এবং রাশিয়ার সাথেও তিনি একইভাবে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন।
এক মাসেরও বেশি সময় স্থগিত থাকার পর মঙ্গলবার থেকে চীনের রাজধানী বেইজিংয়ে পুনরায় ছয় জাতির আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
লিফকোয়িত্জ বলেন, উত্তর কোরিয়া যদি বৈধতা চায় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসেবে সম্মানিত হতে চায়, তাহলে অবশ্যই মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে।
উত্তর কোরিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বড় ধরনের সহায়তা নিয়ে থাকে। আর এ কারণেই, লিফকোয়িত্জের ভাষায়, মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনা করা উচিত।
মানবাধিকার পরিস্থিতির সাথে আন্তর্জাতিক সহায়তার যোগসূত্র মার্কিন যুক্তরাষ্ট্র করবে কিনা সে প্রশ্নের জবাবে লিফকোয়িত্জ বলেন, উত্তর কোরিয়া উল্লেখ্যযোগ্য হারে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সহায়তা নিয়ে থাকে। আর আমরা যে তাদের মানবাধিকার পরিস্থিতির অগ্রগতি দেখতেই চাই, সে ব্যাপারে কোন সন্দেহ নেই। মানবাধিকার পরিস্থিতির প্রতি প্রেসিডেন্ট বুশের নীতি ও উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাতারে নিয়ে আসতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে হবে।
