২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেনকে স্থিতিশীল রাখতে প্রেসিডেন্টের প্রতি পুতিনের আহ্বান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের ক্ষমতাসীন ভিক্টর ইউসচেঙ্কোর জোট সরকারের পতন ঘটলে তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2005, 09:41 AM

Updated : 26 Apr 2022, 06:05 PM

ইউক্রেনের প্রেসিডেন্ট বৃহস্পতিবার ক্ষমতাসীন জোট সরকারকে বরখাস্ত করেন। ধারনা করা হচ্ছে, সরকার বরখাস্তের মাধ্যমে বিখ্যাত অরেঞ্জ রেভ্যুলেশনের মাধ্যমে ক্ষমতায় আসা জোট সরকারের অবসান ঘটলো।

পুতিন বলেন, সাময়িক অস্থিতিশীলতা ও সংকট উত্তরণে রাশিয়া ইউক্রেনকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

প্রেসিডেন্ট ইউসচেঙ্কো বলেছেন, জোট সরকারের সদস্যদের অন্তর্দলীয় কোন্দল রাষ্ট্রের স্বাভাবিক কার্যকে প্রভাবিত করায় বাধ্য হয়ে সরকারকে বরখাস্ত করা হয়েছে।

ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেঙ্কো এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান পেত্রো পোরোশেঙ্কোর মধ্যে বিবাদ লেগেই ছিল। দুর্নীতির অভিযোগ উঠায় তাইমোশেঙ্কো ও পোরোশেঙ্কো বৃহস্পতিবার পদত্যাগ করেন। প্রেসিডেন্সিয়াল চিফ অব স্টাফ ওলেকসান্দার জিনচেঙ্কো শনিবার পদত্যাগ করেন।

ইউসচেঙ্কো ৫৭-বছর-বয়সী অর্থনীতিবিদ ইউরি ইয়েখানিউরভকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

জার্মানি সফররত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে দেশটির সুশাসন প্রতিষ্ঠার অংশ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আমার সাথে ভিক্টর ইউসচেঙ্কোর কথা হয়েছে। ইউক্রেনের আইন-শৃঙ্খলা এখনও তার নিয়ন্ত্রণে রয়েছে বলেই আমার বিশ্বাস।

পুতিন বলেন, ইউক্রেনের জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সংকট উত্তরণে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস।