ক্যাটরিনায় নিহতদের জন্য প্রার্থনা দিবসের ঘোষণা দিলেন বুশ
সামুদ্রিক ঘূর্ণিঝড় ক্যাটরিনার আঘাতে নিহতদের স্মরণে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশ ১৬ সেপ্টেম্বর শুক্রবার জাতীয় প্রার্থনা দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন।
উপদ্রুত এলাকায় নিহতদের মৃতদেহ যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে সরিয়ে নিতে প্রেসিডেন্ট বুশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এছাড়া ক্যাটরিনার কারণে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য বুশ প্রাথমিকভাবে দুই হাজার ডলার ত্রাণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে মার্কিন কংগ্রেস প্রেসিডেন্টের আহ্বানের প্রতি সাড়া দিয়ে জরুরি প্যাকেজ হিসেবে অতিরিক্ত ৫১ দশমিক আট বিলিয়ন ডলার সহায়তার অনুমোদন দিয়েছে। উদ্ধার তৎপরতা, খাবার পানির সরবরাহ ও চিকিৎসা সেবা দিতে এ অর্থ ব্যয় করা হবে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
দুর্যোগের প্রতি বিলম্বে সাড়া দেওয়ার কারণে ওয়াশিংটনকে এখন সমালোচনার মুখে পড়তে হয়েছে।
ত্রাণ তৎপরতার অগ্রগতি পর্যবেক্ষণ করতে দক্ষিণাঞ্চল সফরের অংশ হিসেবে ভাইস-প্রেসিডেন্ট ডিক চেনি নিউ অরলিন্স অঙ্গরাজ্যে পৌঁছেছেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউজে ভাষণ দিতে গিয়ে বুশ হারিকেন ক্যাটরিনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য প্রাথমিকভাবে দুই হাজার ডলার সহায়তার ঘোষণা দেন। সরকার ক্ষতিগ্রস্তদের পাশে আছে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
বুশ বলেন, আগামী দিনগুলো আমাদের জন্য কঠিন হতে পারে। বিশেষ করে, যখন আমরা নিহতদের মৃতদেহ উদ্ধার করতে যাব। নিহতদের মৃতদেহের প্রতি মযার্দা অক্ষুন্ন রাখতে ও সম্মানজনক আচরণ করতে তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারিদের প্রতি আহ্বান জানান।
