ব্রাজিলের প্রেসিডেন্টের প্রতিজ্ঞা: সামাজিক সংস্কার ও দুর্নীতিবাজদের জেল
দুর্নীতিবাজ কর্মকর্তাদের জেল জরিমানা প্রদান, অর্থনৈতিক এবং সামাজিক সংস্কার পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে ব্রাজিলকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে সংস্কারবাদী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা প্রতিজ্ঞা করেছেন।
ব্রাজিলের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বুধবার রাষ্ট্র-নিয়ন্ত্রিত মিডিয়া প্রদত্ত এক ভাষণে প্রেসিডেন্ট লুলা সকল কেলেংকারি কাটিয়ে উঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রেসিডেন্ট লুলা বলেন, ব্রাজিল বৃহৎ রাষ্ট্র এবং সকল কেলেংকারির চেয়ে আরও বড়। যে আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্থনৈতিক ও সামাজিক সংস্কার করেছি, তা আমরা তুচ্ছ কারণে হারাতে চাই না। পূর্বে ধারণকৃত ছয় মিনিটের এই ভাষণটি রাষ্ট্র-নিয়ন্ত্রিত মিডিয়া প্রচার করা হয়।
লুলা বলেন, বিপত্তির সাথে লড়াই করে তাকে অতিক্রম করাই ব্রাজিলের জনসাধারণের প্রকৃত বৈশিষ্ট্য।
ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি নির্বাচন প্রচারণাকালে অর্থের বিনিময়ে কংগ্রেসের সদস্যদের ভোট কিনেছেন বলে যে অভিযোগ উঠেছে, তার কারণে গত তিন মাসে সরকারের জনপ্রিয়তায় অনেক ভাটা পড়েছে। সামাজিক সুবিচার, দুর্নীতি রোধ এবং সামাজিক সংস্কারের প্রতিশ্রুতির কথা বলে যে সরকার ক্ষমতা এসেছে, তার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির কারণে সরকারের বিশ্বাসযোগ্যতা অনেকখানি হ্রাস পেয়েছে।
যদিও লুলার সরাসরি কোন অনিয়ম, জালিয়াতি এবং দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়নি, তবে চরম রাজনৈতিক সংকট মোকাবিলায় তার ব্যর্থতার কথা সমালোচকরা জোরেশোরেই বলছেন।
