ক্লিনটনের ব্যক্তিগত ভারত সফর
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন একান্ত এক ব্যক্তিগত সফরে ভারতের লক্ষ্মৌতে এসেছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের সান্ধ্যকালীন ভোজসভায় যোগ দিতে উজবেকিস্তান থেকে সরারসরি চার্টাড বিমানে করে বুধবার সকালে তিনি লক্ষ্মৌ বিমানবন্দরে অবতরণ করেন।
ভোজসভায় উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী যোগ দেবেন। দুইশ’ জন আমন্ত্রিত অতিথিদের মধ্যে বলিউডের তারকারাও রয়েছেন। অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই, অনিল কাপুর, জয়াপ্রদা, হেমামালিনীর মতো বলিউড নক্ষত্ররাও থাকছেন।
ক্লিনটনকে রিসিভ করতে মুখ্যমন্ত্রী কিংবা অন্য কোন মন্ত্রী বিমানবন্দরে যাননি। কড়া নিরাপত্তার মধ্যে সচিবরা তাকে বিমানবন্দরে স্বাগত জানান। সেখান থেকে সরাসরি তিনি হোটেল তাজে ওঠেন। রাস্তার দু’ধারে ১৪ কিলোমিটার জুড়েই ক্লিনটনকে স্বাগত জানিয়ে উত্তরপ্রদেশ সরকারের বর্ণাঢ্য ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছিল।
ক্লিনটনের প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন ক্লিনটন ফাউন্ডেশনের সদস্য ডগলাস ব্যান্ড, র্যাঙ্ক গাস্ট্রা, জাস্টিন কোপার, জে কারসন, টিম ফিলিপস, ডারসি ল্যান্ডসম্যান, সতীশ নারায়ণ প্রমুখ।
মুখ্যমন্ত্রীর বাসভবনে সন্ধ্যায় ভোজসভা চলাকালীন সময় সেখানে লনে সিয়ামক দাবরের নৃত্যদল কোরিওগ্রাফি প্রর্দশন করবে।
সাবেক প্রেসিডেন্ট সম্ভবত আলোচিত ব্যবসায়ী টাইকুন সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়ের সাথে সাক্ষাৎ করবেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
