ক্যাটরিনা সাহাযার্থে যুক্তরাষ্ট্রকে তেল সহায়তা দিতে ইরানের প্রস্তাব
সামুদ্রিক ঘূর্ণিঝড় ক্যাটরিনার আঘাতে বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে ত্রাণ সহায়তা হিসেবে ইরান ২০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত দেওয়ার প্রস্তাব করেছে।
যদিও কয়েক দশক ধরে দেশ দু’টির মধ্যে কোনও ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু ২০০৩ সালে ইরানের বাম নগরীর ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলে মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানকে ত্রাণ সহায়তা দিয়েছিল।
রাষ্ট্র-নিয়ন্ত্রিত টেলিভিশনের এক সাক্ষাৎকারে ওপেকে ইরানের রাষ্ট্রদূত হোসেন কাজিমপুর-আরবেদিল জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচটি জাহাজ বোঝাই অপরিশোধিত তেল পাঠানোর ব্যাপারে তেহরান প্রস্তুত।
কিন্তু ইরানের উপর আরোপিত মার্কিন অবরোধ প্রত্যাহার করে নিলেও কেবল তেল সহায়তা পাঠানো সম্ভব বলে তিনি জানান। তবে তেল সহায়তা পাঠানোর জন্য অবরোধ প্রত্যাহার সাময়িকভাবে হবে নাকি স্থায়ীভাবে হবে সে ব্যাপারটি রাষ্ট্রদূত হোসেন পরিষ্কার করে বলেননি।
ক্যাটরিনার কারণে মেক্সিকো উপসাগরে তেল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় দেশটিতে ত্রাণ হিসেবে তেল সরবরাহের ব্যাপারে ইরান প্রস্তাব দেয়। মেক্সিকো উপসাগরে অবস্থিত তেলের খনিগুলো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজনীয় এক-চতুর্থাংশেরও বেশি তেল সরবরাহ করা হয়।
২০০৩ সালে যখন ইরানের বাম নগরী ভূমিকম্পের কারণে ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্র পর্যাপ্ত চিকিৎসা সামগ্রীসহ একটি মেডিকেল টিম সেখানে পাঠিয়েছিল। ইরান মার্কিন মানবিক সহায়তা সাদরে গ্রহণ করলেও দ্বিপাক্ষিক সম্পর্ক সক্রিয় করার ক্ষেত্রে তেহরান কোনও পদক্ষেপ নেয়নি।
