কয়লা খনিতে দুর্ঘটনা মোকাবেলায় চীনের নতুন বিধিমালা প্রণয়ন
বিশ্বের প্রধান কয়লা উৎপাদনকারী দেশ চীন সেদেশের কয়লা খনিগুলোতে দুর্ঘটনা এড়াতে বিধিমালা প্রনয়ণ করেছে।
সদ্য প্রণীত বিধিমালার আওতায় কোন অবৈধ কয়লা খনি যদি কয়লা উৎপাদনে নিয়োজিত থাকে তাহলে সেই এলাকার শহর প্রধানকে চাকরি থেকে বরখাস্ত করা হবে।
ইতোমধ্যেই চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও নতুন বিধিমালাটি অনুমোদন করেছেন। নতুন আইন প্রণয়নের পর চীনের প্রধানমন্ত্রী বলেন, সরকারের নিম্ন পদস্থ কর্মচারিরা যদি নতুন আইনটি ভঙ্গ করেন তাহলে তাদেরকেও জবাবদিহি করতে হবে।
নতুন বিধিমালায় সরকারি কর্মকর্তা ও কর্মচারিদেরকে কয়লা খনির শেয়ার না কেনার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ আইনের আওতায় ঝুঁকিপূর্ণ কয়লা খনিগুলোতে উৎপাদনের সরকারের প্রতি চাপ সৃষ্টিকারীদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যাবস্থা নেওয়া হবে।
নতুন আইনে কয়লা খনিগুলোতে দুর্ঘটনার জন্য ১৫টি গুরুতর কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে অন্যতম প্রধান হল লক্ষ্যমাত্রার চেয়ে খনিগুলো থেকে বেশি পরিমাণ উৎপাদন ও ঝুঁকিপূর্ণ নিরাপদ ব্যবস্থা। এছাড়া একবার কোন খনিতে দুর্ঘটনা দেখা দিলে সেসব খনিতে কয়লা উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হবে।
চীনে প্রতিবছরই বিভিন্ন কয়লা খনিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। এর ফলে একদিকে শ্রমিক মারা যাচ্ছে অন্যদিকে দেশের জাতীয় উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। গত আগস্ট মাসে দেশটির কয়লা খনিগুলোতে দুর্ঘটনায় কমপক্ষে একশ’ ২৩ জন মারা গেছে।
