অবসাদই অতিরিক্ত দিবানিদ্রার প্রধান কারণ
রাতে পর্যাপ্ত ঘুম কিংবা নিরবিচ্ছিন্ন ঘুম না হওয়াই দিবানিদ্রার কারণ এমন ধারণা ভুল।
নতুন একটি সমীক্ষায় জানা গেছে, প্রধানত অবসাদ, এমনকি ডায়াবেটিসের কারনেও দিনের বেলায় বেশি ঘুম হতে পারে। মাত্রাতিরিক্ত দিবানিদ্রার সম্ভাব্য অনেকগুলো কারণ যাচাই করে গবেষকরা দেখেছেন, ঘুমের ব্যাঘাতের চাইতে অবসাদ, ওবেসিটি বা বেশি মোটা হওয়া এবং বিপাকক্রিয়া বা মেটাবলিক ফ্যাক্টরসমূহই এর সাথে বেশি সম্পর্কিত। একইসঙ্গে ধুমপানের কারনেও দিনের বেলায় বেশি ঘুম আসে।
জার্নাল অফ ক্লিনিক্যাল এনডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম এর চলতি সংখ্যায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী অবসাদ হচ্ছে অতিরিক্ত দিবানিদ্রার প্রধান কারণ। অবসাদের জন্য চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন এমন লোকদের দিবানিদ্রাকাতরতার সম্ভাবনা অন্যান্যদের চাইতে তিন গুণ বেশি। ডায়াবেটিস অক্রান্তদের মধ্যে এই সম্ভাবনা দুইগুন বেশি। ৩০’এর কম এবং ৭০ এর বেশি বয়েসীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়।
যুক্তরাষ্ট্রে ১৬ হাজার ৫ শ নারী পুরুষের মধ্যে পরিচালিত সমীক্ষার ভিত্তিতে গবেষকরা এ তথ্য প্রকাশ করেছেন।
