ব্রিটেনে স্টুডেন্ট ভিসা অপব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান শুরু
ব্রিটেনে স্টুডেন্ট ভিসা অপব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।
যারা স্টুডেন্ট ভিসা নিয়ে লন্ডনে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ে পড়ছে না তাদের সম্পর্কে সরকারকে অবহিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
ব্রিটিশ সরকারের তিন মাস মেয়াদী পর্যবেক্ষণ ব্যবস্থা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি ছাত্রদের ভর্তি হওয়ার পর নিয়মিত উপস্থিত কিংবা নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়গুলো তদন্ত করে দেখবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, স্টুডেন্ট ভিসা অপব্যবহারকারীরা তাদের কর্মপরিকল্পনা পরিবর্তন করছে এবং যারা স্টুডেন্ট ভিসা নিয়ে পড়তে গিয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও পড়াশুনা করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রায় ১৭ হাজার বিদেশি লন্ডনে স্টুডেন্ট ভিসা নিয়ে প্রবেশ করার পর বিশ্ববিদ্যালয় থেকে নিখোঁজ রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, সরকারের সিদ্ধান্তকে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। ইউকে ইউনিভার্সিটি, কলেজ এ অভিযানে অংশ নিচ্ছে।
প্রাথমিকভাবে প্রতিবছর কতজন বিদেশি ছাত্র স্টুডেন্ট ভিসা নিয়ে লন্ডনে পড়তে আসছে তার সংখ্যা সরকারকে জানানো হয়ে থাকে।
ইউকে বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র জানান, ইউনিভার্সিটিগুলো অবশ্যই সরকারকে এ ব্যাপারে সহযোগিতা করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিবছর প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী স্টুডেন্ট ভিসা নিয়ে লন্ডনে পড়তে আসে। পরে এরা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে না এবং কাজের সন্ধানে ক্যাম্পাস থেকে নিখোঁজ হয়ে যায়।
