২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের ‘তেলের বিনিময়ে খাদ্য’ কর্মসূচি নিয়ে যে কোনও সমালোচনার জন্য প্রস্তুত আনান

জাতিসংঘ মহাসচিব কফি আনান বলেছেন, ইরাকে তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচির চূড়ান্ত প্রতিবেদন বুধবার প্রকাশিত হলে জাতিসংঘ সম্ভাব্য যে সমালোচনার মুখোমুখি হবে, তার জন্য তিনি প্রস্তুত রয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 11:13 AM

Updated : 26 Apr 2022, 06:04 PM

বিবিসি’র সাথে এক সাক্ষাৎকারে আনান বলেন, ইরাকের সঙ্গে দেন দরবারের ব্যাপারে ‘সম্পূর্ণভাবে গৌরব নিয়ে’ কেউ বেরিয়ে আসতে পারেনি। তবে এর পাশাপাশি তিনি বলেছেন যে, প্রকল্পের অনেক দিকই তার কর্তৃত্বের বাইরে ছিল।

১৯৯০ সালের দিকে ইরাকের উপর জাতিসংঘের অর্থনৈতিক অবরোধের সময় বাগদাদকে জাতিসংঘের আওতাধীন তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচির অনুমোদন দেওয়া হয়। অর্থনৈতিক অবরোধের কারণে ক্ষতিগ্রস্ত সাধারণ ইরাকিদের মানবিক দিক বিবেচনা করে বাগদাদদে পর্যাপ্ত তেল বিক্রির অনুমতি পায়।

আনান বলেন আমার ধারনা, এ ব্যাপারে প্রচুর সমালোচনা হবে। প্রকল্পটিতে জাতিসংঘকে অন্তর্ভূক্ত করার জন্য তিনি অনুশোচনা প্রকাশ করেন।

তিনি বলেন, একটি আলাদা কর্মসূচি হিসেবে তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচির দায়িত্ব আমাদেরকে নিতে বলা হয়েছিল। সত্যি কথা বলতে, এরকম কর্মসূচির দায়িত্ব নিতে আরও যেন জাতিসংঘকে আহ্বান জানানো না হয়, সে আশাই আমি করছি।

মার্কিন ফেডারেল রিজার্ভের সাবেক প্রধান পল ভোলকারের নেতৃত্বাধীন স্বাধীন তদন্ত দলের পূর্ব প্রকাশিত প্রতিবেদনে দুর্নীতি ও অব্যবস্থাপনার বেশ কিছু চিত্র তুলে ধরা হয়েছিল।

অবশ্য দুর্নীতি ও অব্যবস্থাপনার সাথে কফি আনানকে জড়িয়ে প্রতিবেদনে কোন কিছু বলা না হলেও তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচির বিষয়টি আনানের জন্য ভাল কোন ব্যাপার নয়। কেননা, দুর্নীতি ও অব্যবস্থাপনার সাথে আনান পুত্র কোজো জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। আর অভিযোগ প্রমাণিত হলে কোজো চাকরি হারাতে পারেন।