সৌদি আরবে নিরাপত্তা বাহিনীর গুলিতে আল-কায়দা সদস্যসহ ৪ জঙ্গি নিহত
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় মদিনা শহরে নিরাপত্তা কর্মীরা সোমবার এক আল-কায়েদা শীর্ষ সদস্যসহ দুই সন্দেহভাজন ইসলামী জঙ্গিকে গুলি করে হত্যা করেছে।
অপরদিকে রাজধানী রিয়াদ ও মদিনায় অপর দু’টি সংঘর্ষে আরও দুই জঙ্গি নিহত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা বাহিনীর সাথে গুলি বিনিময়ের ঘটনায় যে দু’জন জঙ্গি নিহত হয়েছে, তাদের একজন আল-কায়েদা সদস্য সালেহ আওফি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মনসুর আল-তুর্কি জানান, মদিনায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে আওফি ও অপর এক অজ্ঞাতনামা জঙ্গি নিহত হয়েছে।
নিহত সন্দেহভাজন আল-কায়েদা সদস্য সালেহ আওফি তালিকাভূক্ত শীর্ষ জঙ্গি। মদিনা শহরের একটি মসজিদ থেকে আওফির মৃতদেহ উদ্ধার করা হয়।
কর্মকর্তারা জানান, সন্দেহভাজন জঙ্গিদের একজন নিরাপত্তা বাহিনীর অভিযানকালে গুলি বিনিময়ের ঘটনায় নিহত হয়। অপরজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
রাজধানী রিয়াদ ও মদিনায় অপর দু’টি পৃথক সংঘর্ষের ঘটনায় আরও দুই জঙ্গি নিহত হয়েছে। তাদের নাম, পরিচয় প্রকাশ করা হয়নি।
তেল-সমৃদ্ধ দাম্মাম শহরের বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে জঙ্গিদের তুমুল বন্দুকযুদ্ধ হয়।
সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিদের সাথে পুলিশ অথবা নিরাপত্তা কর্মীদের সংঘর্ষ সৌদি আরবে সম্প্রতিকালে একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
নিরাপত্তা বাহিনীর জঙ্গি দমন অভিযানে এ পর্যন্ত ১৪০ জন বেসামরিক লোক ও শতাধিক জঙ্গি প্রাণ হারিয়েছে।
