২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে মাওবাদীদের যুদ্ধ বিরতি ঘোষণা

নেপালের মাওবাদী বিদ্রোহীরা শনিবার থেকে তিন মাসের জন্য একতরফা যুদ্ধ বিরতি ঘোষণা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

বিদ্রোহী নেতা প্রচন্ড জানান, যুদ্ধবিরতিকালে মাওবাদীরা কোনও আক্রমণে যাবে না। বিগত কয়েক মাস ধরে বিদ্রেহীরা রাজা জ্ঞানেন্দ্র’র শাসন বিরোধী রাজনৈতিক দলগুলোকে একত্রিত করার চেষ্টা করছিল। 

রাজনীতিকরা দীর্ঘ নয় বছরের বিদ্রোহ মোকাবেলায় ব্যর্থ হওয়ায় গত ফেব্র“য়ারিতে জ্ঞানেন্দ্র রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নেন।

শনিবার এক বিবৃতিতে প্রচন্ড বলেন, যুদ্ধ বিরতিকালে তার সৈন্যরা ‘সক্রিয় রক্ষনাত্মক’ অবস্থায় একটি রাজ্যে অবস্থান করবে এবং তাদেরকে আক্রমণ না করা হলে তারাও এ সময়ে নতুন করে কোন হামলায় অংশ নেবে না।

তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি সেনাবাহিনী তাদের সামরিক কার্যক্রম বা ক্যাম্প সম্প্রসারিত করে, তাহলে তার দল যুদ্ধ বিরতি বাতিল করবে এবং আক্রমণে যাবে।

মাওবাদী নেতা বলেন, দেশের সমস্যা নিরসনে এই সিদ্ধান্ত সকল রাজনৈতিক দল এবং জাতিসংঘকে উৎসাহিত করবে বলে তার দল আশা করছে।

উৎসবের সময় স্বল্পকালীন যুদ্ধবিরতি ছাড়া দুই বছর আগে আট মাসের জন্য সর্বশেষ যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল।