২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক ইস্যুতে ব্লেয়ারকে আক্রমণ করতে যাচ্ছেন ক্লার্ক

ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দল কনজারভেটিভ পার্টি টোরির প্রধানের পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া কেন ক্লার্ক তার প্রথম পলিসি ভাষণে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে ইরাক ইস্যুতে আক্রমণ করতে যাচ্ছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 10:06 AM

Updated : 26 Apr 2022, 06:03 PM

ভাষণে ক্লার্ক (৬৫) ব্রিটেনের ইরাক যুদ্ধে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলবেন। ক্লার্ক ইতোমধ্যেই ইরাক যুদ্ধকে বড় ধরনের বিশৃঙ্খলা বলে আখ্যায়িত করেছেন। ইরাক যুদ্ধে ব্রিটেনের সংশ্লিষ্টতার কারণে কিভাবে ব্রিটেনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে ভাষণে ক্লার্ক সে বিষয়ে আলোকপাত করবেন।

ক্লার্ক টোরি পার্টিকে ক্ষমতা ফিরিয়ে আনার ব্যাপারে দৃঢ়তা প্রকাশ করেছেন। তিনি শুরু থেকেই ইরাক যুদ্ধের বিরোধিতা করে আসছেন। আর ইরাক যুদ্ধকেই টোরির পার্টির প্রধানের পদে নির্বাচনে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন বলে ক্লার্ক জানিয়েছেন।

ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনী কিভাবে সরে আসতে পারে ক্লার্ক বুধবার সে বিষয় সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, বর্তমানের চরম অস্থিতিশীল পরিস্থিতির উন্নয়ন ঘটাতে ইরাক থেকে পরিকল্পিত উপায়ে মিত্র বাহিনীর সেনা প্রত্যাহার করতে হবে।

অ্যাংলো-আমেরিকান সম্পর্কের ওপর ক্লার্ক জোর দিয়েছেন। তবে তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে, ইরাক আগ্রাসন ছিল পুরোপুরি ভুল।

ক্লার্ক বলেন, মার্কিন প্রেসিডেন্টরা সবসময় ঠিক আচরণ করতে পারেন না। এই বিশেষ আগ্রাসনের পিছনে দেখানো যুক্তিগুলো আমি মেনে নিতে পারছি না। তবে এখন আমি এটা দেখতে চাই যে, ইরাক যুদ্ধের কারণে ব্রিটেনের নিরাপত্তা পরিস্থিতির কতটুকু উন্নতি হয়েছে।

তিনি আরও বলেন, সমগ্র মুসলিম বিশ্বের সাথে সংঘর্ষ এড়াতে ও সন্ত্রাসী হামলার হুমকি মোকাবিলা করতে আমরা কিভাবে কাজ করতে পারি এটাই এখন দেখার বিষয়।

ক্লার্ক নিজেকে অপরাপর প্রতিদ্বন্দ্বী নেতাদের চেয়ে এগিয়ে রেখেছেন। এ নিয়ে তৃতীয় বারের মত পার্টির প্রধানের পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউরোমুখী নীতির কারণে তিনি ১৯৯৭ ও ২০০১ সালের নির্বাচনে হেরে যান।

ছায়া ক্যাবিনেট মন্ত্রী ডেভিড ক্যামরন, লিয়াম ফক্স, অ্যান্ড্রি লান্সলি, তেরেসা মে, স্যার ম্যালকম রিফকাইন্ড ও ডেভিড উইলিটসের সাথে ক্লার্ককে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।