ক্যাটরিনার আঘাত কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্রের কয়েক বছর লাগবে: বুশ
হারিকেন ক্যাটরিনার আঘাত কাটিয়ে উঠতে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক বছর সময় লাগবে বলে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মন্তব্য করেছেন। বুধবার বিমানে করে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুযোর্গ মোকাবেলায় তার মন্ত্রিসভা সাহায্য কার্যক্রম চালিয়ে যাবে বলেও আশ্বাস দেন তিনি।
লুজিয়ানা ও মিসিসিপির উপকূলীয় এলাকায় অতিরিক্ত ১০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে নিউ অরলিনসের অবস্থা বেশ গুরুতর। হারিকেনের প্রভাবে সৃষ্ট বন্যায় পুরো এলাকা প্লাবিত হওয়ায় সেখানে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে বলে মেয়র রে নাগিন ধারণা করছেন।
বাঁধের ফাটল দিয়ে ওইসব এলাকায় ক্রমাগত পানি প্রবেশ করায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এর সাথে চলছে লুটতরাজ। মানুষজন ভীত হয়ে ঘর ছেড়ে পালাতে চাইছে।
নিউ অরলিনসের ২০ হাজার মানুষ সুপারডোম স্টেডিয়ামে আশ্রয় নিয়েছে। এই বিপুল লোকজনসহ সেখানকার ১০ হাজার পানিবন্দি মানুষকে অপসারণের পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে।
এদিকে হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট বুশ জাতির উদ্দেশ্যে বলেন, প্রাথমিক পর্যায়ে বিদ্যুৎ, যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা পুনর্বহাল করার কাজে ত্রাণ সহায়তা দেওয়া হবে। এছাড়াও হারিকেনের আঘাতে মেক্সিকো উপসাগরে তেল উৎপাদন বন্ধ হয়ে গেলে তা স্থিতিশীল করতে ফেডারেল রিজার্ভ থেকে জ্বালানি সরবরাহের ঘোষণাও দেন তিনি।
বুশ বলেন, ক্যাটরিনার কারণে গ্যাসের ওপর সাময়িকভাবে চাপ পড়বে।
অবস্থার ক্রমাবনতি হতে থাকলেও মার্কিন সরকার জনস্বাস্থ্য, উপসাগরীয় এলাকায় খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহের ওপরও জোর দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট বুশ বুধবার বিমানে করে ক্যাটরিনা-আক্রান্ত এলাকা পরিদর্শন করে ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা করেন। এর আগে বুশ বলেন, এটা ভয়াবহ ধ্বংসযজ্ঞ।
