২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন যুক্তরাষ্ট্রে দারিদ্র্যের হার উর্ধ্বমুখী

অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রে আয়ের ক্ষেত্রে স্থবিরতা এসেছে এবং দারিদ্র্যতার হার ২০০৪ সালের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 01:30 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

সেনসাস ব্যুরো মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবার টানা পাঁচবারের মত আয়ের ক্ষেত্রে স্থবিরতা দেখা দিল।

সেনসাস ব্যুরোর তথ্য মতে, ২০০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের দরিদ্র্য লোকের সংখ্যা ৩৭ মিলিয়নে এসে দাঁড়িয়েছে, যা ২০০৩ সালের তুলনায় এক দশমিক এক মিলিয়ন বেশি।

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপর পরিচালিত সেনসাসের বার্ষিক প্রতিবেদনে দেখানো হয়, চার বছরের প্রবৃদ্ধি নীতি জনসাধারণের জন্য খুব বেশি সুফল বয়ে আনতে পারেনি।

যদিও আয় হ্রাস ও দারিদ্র বৃদ্ধি পাওয়ার সরাসরি কোন কারণের কথা বলা হয়নি, তবে অর্থনীতিবিদরা বলেছেন, প্রযুক্তি ও বিশ্ব বাণিজ্য অনেক শ্রমিকের আয় কমিয়ে দিয়েছে। শ্রমিকদের আয় বৃদ্ধি পেলেও স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধির কারণে আয় বৃদ্ধি সুফল বয়ে আনতে পারেনি।

সেনসাসের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৪৫ দশমিক আট মিলিয়ন লোকের স্বাস্থ্য বীমা নেই। অথচ ২০০৩ সালে এই সংখ্যা ছিল আট মিলিয়ন।

প্রতিবেদনটি প্রকাশের পর বুশ প্রশাসনের কর্তাব্যক্তিরা বলেছেন, ২০০৪ সালের শেষের দিক থেকেই কর্ম বাজারের অবস্থার উন্নতি ঘটছে। আর এ কারণেই কর্মজীবীদের আয় বাড়ছে এবং দরিদ্রতা হ্রাস পাচ্ছে।

বাণিজ্য অধিদপ্তরের অর্থনীতি ও পরিসংখ্যান প্রশাসনের প্রধান এলিজাবেথ অ্যান্ডারসন বলেন, বাণিজ্য চক্রের সর্বশেষ নিয়ামক হল দরিদ্রতার হার।

প্রেসিডেন্ট বুশের প্রথম মেয়াদে যে কর প্রত্যাহার করা হয়েছিল তার প্রতিফলন সেনসাসের প্রতিবেদনে দেয়া যায়নি। কর প্রত্যাহারের ফলে অনেকের আর্থিক অবস্থার উন্নতি ঘটেছে।

তবে ডেমোক্র্যাটরা বলেছেন, সমাজের উচুঁ স্তরের মানুষেরাই কর প্রত্যাহারের সুবিধাটা বেশি ভোগ করেছেন। রোড আইল্যান্ডের ডেমোক্র্যাট সিনেটর জ্যাক রিড বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের ঘরে যাচ্ছে না। ক্লিনটন প্রশাসনের আমলে যা ঘটেছিল, এটা তার পুরোপুরি বিপরীত।

প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউজ অর্থনৈতিক উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ করতে বুশ প্রশাসন অনেকাংশেই ব্যর্থ হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০০৩ সালের তুলনায় ২০০৪ সালে মাথাপিছু বার্ষিক আয় শতকরা দুই ভাগ হ্রাস পেয়ে ৪০,৮০০ মার্কিন ডলারের দাঁড়িয়েছে। আর দরিদ্রতা ২০০৩ সালের ১২ দশমিক পাঁচ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২০০৪ সালে তা ১২ দশমিক সাত শতাংশে দাঁড়িয়েছে। নিউইয়র্কে দারিদ্র্যের হার অবশ্য অনেক বেশি। ২০০৩ সালের ১৯ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২০০৪ সালে ২০ দশমিক তিন শতাংশে এসে দাঁড়িয়েছে।

তবে আমেরিকান এশিয়ানদের দরিদ্র্য হ্রাস পেয়েছে। ২০০৩ সালে এশিয়ানদের ১১ দশমিক আট শতাংশ যেখানে দারিদ্র্য সীমার নিচে বাস করত, ২০০৪ সালে সে সংখ্যা এসে নয় দশমিক আট শতাংশে দাঁড়িয়েছে। আর সাদা আমেরিকানদের দরিদ্র্যতার হার ২০০৩ সালের আট দশমিক দুই শতাংশ থেকে বেড়ে গিয়ে ২০০৪ সালে আট দশমিক ছয় শতাংশে এসে দাঁড়িয়েছে। তবে কৃষ্ণাঙ্গদের অবস্থার তেমন কোন পরিবর্তন হয়নি।