ইরানে দরিদ্র যুবক-যুবতীদের বিবাহে ‘লাভ ফান্ড’ নামে তহবিল সংগ্রহের উদ্যোগ
ইরানে দরিদ্র যুবক-যুবতীদের বিবাহ বন্ধনে আবদ্ধ করতে সরকার এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার ইরানের ভাইস প্রেসিডেন্ট ফরহাদ রাহবার একথা বলেন।
ইরানের যুবক যুবতীরা প্রায়ই অভিযোগ করে থাকেন যে, অর্থনৈতিক দুরবস্থা ও দীর্ঘদিন বাবা-মা’র সাথে বসবাস করার ফলে তারা বিয়ে থেকে বঞ্চিত হচ্ছেন ।
ইরানের ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রীয় টেলিভিশনে আরও বলেন, লাভ ফান্ড সংগ্রহ করা ইরানের বর্তমান সরকারের অন্যতম একটি স্লোগান।
দেশটির কট্টরপন্থি নেতা আহমাদিনেজাদ গত জুনে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর তেল বিক্রি করার অর্থ থেকে কোম্পানিগুলোকে কিছু টাকা ‘লাভ ফান্ডে’ সরবরাহ করার অনুরোধ জানিয়েছেন।
ফরহাদ রাহবার আরও বলেন, ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানি থেকে এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলারের একটি বিরাট অংশ প্রদান করা হবে। তবে তরুণ তরুণীদের বিয়ে দিতে ঠিক কী পরিমাণ অর্থের প্রয়োজন তা তিনি উল্লেখ কনেননি।
এছাড়া প্রতিটি দম্পতির জন্য কী পরিমাণ অর্থের প্রয়োজন এ নিয়ে প্রতিটি প্রদেশে একটি করে ট্রাস্টি বোর্ড গঠন করা হবে বলে তিনি জানিয়েছেন।
