জাতিসংঘের আলোচনায় অংশ নিতে অবকাশ সময় সংক্ষিপ্ত করলেন আনান
জাতিসংঘ মহসচিব কফি আনান নিউইয়র্কে জাতিসংঘ আলোচনায় যোগ দিতে ছুটির মেয়াদ সংক্ষিপ্ত করেছেন।
জাতিসংঘের সংস্কার কার্যক্রমের চুক্তি সম্পন্ন করার আগে শেষ সময়ের আলোচনা সেরে ফেলতে নিউইয়র্কে ফিরে আসছেন তিনি।
ঘানায় অবকাশ যাপনের নির্ধারিত সময় পূরণের এক সপ্তাহ আগে বুধবার সকালে জাতিসংঘের প্রধান কার্যালয়ে ফিরে আসছেন তিনি।
জাতিসংঘ সদস্য দেশগুলো এখন সংস্কারের খসড়া নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। সেপ্টেম্বরে মাঝামাঝি নিউইয়র্কে বিশ্ব নেতৃবৃন্দ মিলিত হওয়ার আগেই প্রায় ৩০টি দেশের খসড়াপত্রের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের কথা রয়েছে। সেপ্টেম্বরে জাতিসংঘের ৬০ বছর পূর্তিতে তা অনুমোদন করার কথা।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সংস্কারের ব্যাপারে ধারাবাহিকভাবে বাধা দিলে সমালোচকরা ধারণা করছেন, শেষ মুহূর্তে হয়ত সার্বিক সংস্কারের বদলে সংক্ষিপ্ত কিছু নীতিমালা গৃহীত হতে পারে।
এই সংস্কারের মধ্য দিয়ে প্রশাসনিক পরিবর্তনসহ দারিদ্র দূরীকরণ ও উন্নয়ন তরান্বিত করাই আনানের লক্ষ্য।
ছয় মাসের আলোচনা শেষে ৩৮ পৃষ্ঠার খসড়াপত্র এ মাসের শুরুতে সাধারণ পরিষদে উপস্থাপন করা হয়। এরপর গত সপ্তাহে জাতিসংঘের নয়া দূত জন বোল্টন দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু পরিবর্তনের কথা বলেন।
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালত, বৈশ্বিক উষ্ণতা বিরোধী পদক্ষেপ এবং উন্নয়নমূলক অনুদান বৃদ্ধির প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করলেও সন্ত্রাস নিধন ও পরমাণু বিস্তারের ব্যাপারে জাতিসংঘের সমর্থন আহ্বান করে।
এ সপ্তাহ শেষে সংস্কারপত্র চূড়ান্ত করবে জাতিসংঘ।
