হ্যারিকেন ক্যাটরিনার শিকারদের উদ্ধারে তৎপর উদ্ধারকর্মীরা
যুক্তরাষ্ট্রের ইতিহাসে শক্তিশালী হ্যারিকেন ক্যাটরিনার আঘাতে লণ্ডভণ্ড উপকূলীয় অঞ্চলে উদ্ধারতৎপরতা শুরু হয়েছে।
মিসিসিপির উপকূলীয় এলাকায় শত শত মৃতদেহ পড়ে থাকার কথা বলেছেন মিসিসিপির একজন কর্মকর্তা।
হেলিকপ্টার ও নৌকার সাহায্যে হ্যারিকেনের প্রভাবে সৃষ্ট বন্যার্ত ব্যক্তিদের বাড়ির ছাদ থেকে উদ্ধার করার কাজ অব্যহত রয়েছে।
মিসিসিপির পাশ্ববর্তী এলাকা নিউ অর্লিন্সেও বন্যাক্রান্ত হয়েছে। সামরিক বাহিনী বাঁধ তৈরির মাধ্যমে তা আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমেরিকার ইতিহাসে সবচে বড় হ্যারিকেনের আঘাত মোকাবেলায় রেড ক্রসকেও নিয়োজিত করা হয়েছে।
নিউ অর্লিন্সের মেয়র রে নাগিন স্থানীয় টেলিভিশনে বলেছেন, সেখানকার নীচু এলাকাগুলোর ৮০ শতাংশ এখনও পানির নীচে। কোন কোন এলাকা ৬ মিটার পানির নীচে তলিয়ে গেছে। পাশ্ববর্তী লেক পন্টচার্টরেন থেকে দেওয়ালের ফাঁটলের মাধ্যমে যেন পানি ওই এলাকায় প্রবেশ করতে না পারে সেজন্য হেলিকপ্টার থেকে বালুর বস্তা ফেলে তা ঠেকানোর চেষ্টা করছে ন্যাশনাল গার্ড সদস্যরা।
এদিকে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত লুটতরাজ চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিরোধ করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রাথমিকভাবে ৫৪ জনের মৃত্যুর কথা জানা গেলেও হ্যারিকেনে ঠিক কতজন নিহত হয়েছে তার সঠিক হিসাব এখনও জানা যায়নি।
নিউ অর্লিন্স এবং লুজিয়ানায় পানিতে বেশ কিছু মৃতদেহ ভাসতে দেখা গেছে। এ পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ বিলিয়ন মার্কিন ডলার।
আবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণে টেনেসি ও ওহাইয়োতে ঝড়ের কারণে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আরও কয়েকটি এলাকায় টর্নেডো হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
