ভারতের আদালতে মোশাররফ ও বেনজির!
ভারতের আদালতে বিচারের রায়ের অপেক্ষায় আরাম আয়েশে দিন কাটাচ্ছে মোশাররফ ও বেনজির। না, সত্যি সত্যিই পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ও নেত্রী বেনজির ভুট্টো নয়।
২০০০ সালে কুচ জেলার পাচ্চাম সীমান্ত এলাকায় পাকিস্তান থেকে ২৪ কেজি আরডিএক্স বিস্ফোরক বহনের অভিযোগে ভারতীয় পুলিশ একটি উটকে আটক করে। তবে এর সাথে থাকা তিন ব্যক্তি সটকে পড়তে সক্ষম হয়। পাকিস্তানের প্রেসিডেন্টের নামে এর ডাক নাম রাখা হয় মোশাররফ।
বিস্ফোরক পাচারের অভিযোগে তার তথাকথিত মালিকের বিরুদ্ধে মামলা রুজু করতে গিয়ে মোশাররফকে আদালতে হাজির করানো হয়। পাঁচ বছর অতিবাহিত হতে চললেও এ মামলার নিষ্পত্তি হয়নি।
মাউন্টেড ব্রাঞ্চের পুলিশ কর্মকর্তা বলেন, আইন অনুযায়ী অপরাধের সাথে জড়িত কোন পশুকে রায় না হওয়া পর্যন্ত আটক থাকতে হয়। এ কারণে আমাদের প্রয়োজনে টহলের কাজে মোশাররফকে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। তবে মোশাররফ খুবই বুদ্ধিমান, প্রশিক্ষণপ্রাপ্ত ও স্বাস্থ্যবান। কোন সেনা কর্মকর্তা কিংবা সামরিক যান দেখলেই উটটি দ্রুত বসে পড়ে। মামলার নিষ্পত্তি হলে মোশাররফ পুলিশের একটি সম্পদ হবে।
পাকিস্তান থেকে একই সীমান্ত অতিক্রম করে আসা আরেকটি মাদী উটকে ২০০২ সালে তার প্রকৃত মালিককে না পাওয়ায় কোর্টে চালান দেওয়া হয়। এর নাম রাখা হয় বেনজির। কোন দাবিদার না পাওয়া গেলে তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ঘোষণা দেওয়া হবে এবং পরবর্তী সময় দুর্গম এলাকায় পুলিশের টহলের কাজে ব্যবহৃত হবে।
পুলিশ কর্মকর্তারা জানান, মামলা নিষ্পত্তি হওয়ার পর আটক থাকা অবস্থায় উটটির ভরণপোষণের খরচ পরিশোধ করলে তার মালিকের হাতে তুলে দেওয়ার আইন রয়েছে। কিন্ত দুটি উট সীমান্ত অতিক্রম করে আসায় কারও এর মালিকানা দাবি করার সুযোগ নেই।
