২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চূড়ান্ত চুক্তির পর ইসরাইল পশ্চিম তীরের বসতি নিয়ন্ত্রণ ত্যাগ করবে

ইসরাইলের প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন বলেছেন, ফিলিস্তিনিদের সাথে চূড়ান্ত চুক্তির আওতায় ইসরাইল পশ্চিম তীরের বেশ কয়েকটি বসতি স্থাপনার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 09:23 AM

Updated : 26 Apr 2022, 06:03 PM

ইসরাইলি টেলিভিশনের সাথে এক সাক্ষাৎকারে শ্যারন বলেন, কয়েকটি বসতির নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হলেও পশ্চিম তীরের অধিকাংশ বসতি স্থাপনার নিয়ন্ত্রণ ইসরাইলের হাতেই থাকবে।

শ্যারন বলেন, ফিলিস্তিনিদের সাথে চূড়ান্ত শান্তি চুক্তি প্রণয়নকালে বসতি স্থাপনের বিষয়টির একটি রূপরেখা চূড়ান্ত করা হবে।

গাজা উপত্যকার প্রত্যেকটি ও পশ্চিম তীরের চারটি ইসরাইলি বসতি সেনাবাহিনী বন্ধ করে দেওয়ার একদিন পর শ্যারন এ ঘোষণা দিলেন।

শ্যারন বলেন, জুডিয়া ও সামারিয়ার (বাইবেলে ব্যবহৃত পশ্চিম তীরের নাম) সকল বসতি আমাদের হাতে থাকবে না। তবে খুব শিগগিরই পশ্চিম তীর থেকে বসতি প্রত্যাহারের সম্ভাবনা নেই। তার ভাষায়, ফিলিস্তিনিদের সাথে শান্তি পরিকল্পনা চূড়ান্ত না হওয়াই এর কারণ।

অবশ্য পশ্চিম তীরের অধিকাংশ বসতির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার সদিচ্ছার কথা শ্যারন দুই বছর আগেই জানিয়েছেন।

ইসরাইলের চ্যানেল-১০ টেলিভিশনের সাথে এক সাক্ষাৎকারে শ্যারন বলেন, পশ্চিম তীরের মালি অ্যাডিউমিন, পূর্ব জেরুজালেম ও অ্যারিয়েলের মত বড় বসতি স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নাও ছেড়ে দেয়া হতে পারে। অবশ্য কোনটির নিয়ন্ত্রণ রাখা হবে, আর কোনটি ছেড়ে দেওয়া হবে সে ব্যাপারে সরাসরি শ্যারন কিছু বলেননি।

তিনি বলেন, এই বসতিগুলোর নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকবে এবং পর্যায়ক্রমে ইসরাইলের মূল ভূখন্ডের সাথে সংযুক্ত করা হবে। কেননা, কৌশলগত দিক থেকে এসব বসতির গুরুত্ব প্রথম সারিতেই রয়েছে।

পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরের ১২০টি ইসরাইলি বসতিতে ৪৫০,০০০ ইহুদি বসবাস করছে।

আগস্টে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের অংশ বিশেষ থেকে ইহুদি বসতি প্রত্যহারের ঘটনাকে এক মাত্র ঘটনা বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, বসতি প্রত্যাহারের অন্য কোন পর্যায় নেই।

তিনি বলেন, মার্কিন সমর্থিত মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া রোডম্যাপের আওতায় ফিলিস্তিনিদের সাথে চূড়ান্ত ও স্থায়ী সমঝোতার সময় সীমান্ত সংক্রান্ত বিতর্কগুলো সম্পর্কে আলোচনা হবে।