হুগো শ্যাভেজের পক্ষ নিলেন মার্কিন মানবাধিকার নেতা জ্যাকসন
মার্কিন মানবাধিকার নেতা জেসি জ্যাকসন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের পক্ষ নিয়েছেন।
সোমবার প্যাট রবার্টসন মার্কিন জনপ্রিয় টিভি শো ৭০০ ক্লাবে শ্যাভেজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্যের পর জেসি জ্যাকসন শ্যাভেজের পাশে দাঁড়ালেন।
জ্যাকসন প্যাট রবার্টসনের পরামর্শকে অনৈতিক ও অবৈধ বলে উল্লেখ করেন।
ভেনেজুয়েলায় তিন দিনের এক সফরে তিনি কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে দেশ দুটির মধ্যকার বিভাজন দূর করার চেষ্টা করতে হবে বলে মন্তব্য করেন।
এদিকে রবার্টসনের মন্তব্যকে মার্কিন পররাষ্ট্র দপ্তর যথাযথ নয় বলার পর রবার্টসন দুঃখ প্রকাশ করে বলেন, মার্কিনীদের বিরুদ্ধে শ্যাভেজের প্রতিনিয়ত অভিযোগে হতাশ হয়েই তিনি এ ধরণের উক্তি করেন।
বামপন্থী নেতা হুগো শ্যাভেজ বরাবরই আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য ওয়াশিংটনের কাছে সমালোচিত হয়ে আসছেন। গত সপ্তাহে শ্যাভেজের বক্তব্যের জন্য কারাকাসের সাথে ওয়াশিংটনের সম্পর্কের আরও অবণতি হয়েছে।
রবার্টসনের মন্তব্যের জন্য মার্কিন প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন জ্যাকসন।
ভেনিজুয়েলায় সফরকালীন সময়ে তিনি সাংবাদিকদের বলেন, যৌক্তিকভাবে কথা বলার জন্য আমাদের সভ্য নীতি অনুসরণ করা উচিত।
এ সময় তিনি শ্যাভেজের সাথে সাক্ষাতও করেন।
এদিকে শ্যাভেজ সরকারের সিনিয়র এক সদস্য বলেছেন, মার্কিন এ হুমকিকে গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছেন তারা।
নিজের যে কোন ক্ষতির জন্য প্রেসিডেন্ট বুশকে দায়ী করে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের মন্তব্যের প্রত্যুত্তরে রবার্টসন এ ধরনের মন্তব্য করেছিলেন।
