২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনা এড়াতে এয়ারলাইন্স কোম্পানিগুলোর নিরাপত্তার মান বজায় রাখা উচিত

ইউরোপের ৩৫টি দেশের এয়ারলাইন্স বিশেষজ্ঞরা নিরাপত্তার ক্ষেত্রে বিমান কোম্পানিগুলোকে একটি সার্বজনীন গ্রহণযোগ্য শর্তাবলী মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 11:45 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশের বিমান কোম্পানিগুলো বিমান দুর্ঘটনায় পতিত হওয়ার পর শনিবার রুমানিয়ায় অনুষ্ঠিত ইউরোপিয়ান সিভিল এভিয়েশন কনফারেন্সে এ আহবান জানানো হয়।

এয়ারলাইন্স বিশেষজ্ঞরা সম্মেলনে আরও বলেন, যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে যেসব বিমান কোম্পানিগুলো যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হবে তাদের কালো তালিকাভুক্ত করা উচিত।

সম্মেলনে ফ্রান্স সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (ডিজিএসি) প্রধান মাইকেল ওয়াচেনহেইম বলেন, এয়ারলাইন্স কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্ত করতে ইচ্ছুক এমন দেশের সংখ্যা দিন দিন বাড়ছে। তবে কিভাবে এসব কোম্পানিগুলোকে কালো তালিকা ভুক্ত করা হবে সেসব বিষয়ে যথেষ্ঠ মতবিরোধ রয়েছে।”

তিনি আরও বলেন, এজন্য এয়ারলাইন্স কোম্পানিগুলোতে একটি সার্বজনীন গ্রহণযোগ্য শর্তাবলী বেঁধে দেয়া জরুরি। আমাদেরকে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমরা ইউরোপিয়ান কমিশনকে সার্বজনীন গ্রহণযোগ্য শর্তাবলী প্রণয়নের দায়িত্ব দিতে পারি।

রুমানিয়ার পরিবহণ মন্ত্রী দেন আন্দ্রেই বলেন, দুর্ভাগ্য হলেও সত্য যে, ইউরোপের এয়ারলাইন্স কোম্পানিগুলোর চেকিং পদ্ধতি সন্তোষজনক নয়।

উল্লেখ্য গত কয়েক মাসে ইউরোপের বেশ ক’টি এয়ারলাইন্স কোম্পানির বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৩শ’ যাত্রী নিহত হয়।