২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার ইরাকের সংসদে খসড়া সংবিধানের চূড়ান্ত রূপরেখা উত্থাপন

ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যকার মতৈক্য ছাড়াই রোববার ইরাকের সংসদে খসড়া সংবিধানের চূড়ান্ত রুপরেখা উত্থাপন করা হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 02:22 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

সংখ্যালঘু সুন্নী আরব সম্প্রদায় আলোচনার শেষ মুহূর্ত পর্যন্ত সংবিধানের রূপরেখা নিয়ে বিতর্ক চালিয়ে যায়। রোববার জাতীয় সংসদে এই বিল উত্থাপন করা হবে বলে নিশ্চিত করেছেন সংসদের স্পিকার হাজিম আল হাসানি।

শিয়া ও কুর্দি সংখ্যাগরিষ্ঠ ইরাকিরা সংসদে সহজেই এই বিল পাশ হয়ে যাবে বলে ধারণা করছে। আগামী ডিসেম্বরে এ সংবিধান অনুযায়ীই নির্বাচন এবং সরকার গঠন হবে।

ফেডারালিজম প্রশ্নে ইরাকের বিভিন্ন ধর্মীয় গ্রুপগুলো শেষ পর্যন্ত বিতর্ক চালিয়ে যায়। ইরাকের সুন্নীরা আশংকা করছেন সংবিধান পাস হলে শিয়া এবং কুর্দিদের আধিপত্য বেড়ে যাবে।

তাছাড়া ফেডারালিজম প্রতিষ্ঠিত হলে ইরাকের বেশ কয়েকটি জায়গায় বিশেষ করে উত্তরে কুর্দিদের এবং দক্ষিণে শিয়াদের আধিপত্য ও স্বায়ত্ত্বশাসন প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে যা দেশটিকে বিভক্ত করে ফেলতে পারে বলে আশংকা করা হচ্ছে।

সংবিধান অনুযায়ী তেরটি প্রদেশ গঠনের সিদ্ধান্তেরও বিরোধিতা করেছেন সুন্নীরা।

সুন্নীদের প্রতিনিধি সাদৌন জুবেদি বলেছেন, আমরা কি চাই বা না চাই তাতে তাদের কিছু যায় আসে না। আমাদের আপত্তি সত্ত্বেও তাদের মতো করেই তারা সংবিধান চূড়ান্ত করবে।

তবে আপাতত সংবিধান উত্থাপন হলেও আগামী ১৫ অক্টোবর প্রাদেশিক ভোটে এটি বাতিল হয়ে যেতে পারে। ইরাকের মোট জনসংখ্যার শতকরা ২০ ভাগ সুন্নী। কমপক্ষে চারটি প্রদেশে সুন্নীদের প্রাধ্যন্য রয়েছে। নিয়মানুযায়ী যে কোন তিনটি প্রদেশ থেকে সংবিধানের বিরোধিতা হলে তা বাতিল হয়ে যাবে।

সংবিধানটি পাস হয়ে গেলে পরবর্তী কর্মসূচি কি হবে এ নিয়ে খুব শিগগিরই বৈঠকে বসবে সুন্নী নেতারা। তবে তারা জানিয়েছেন, নির্বাচন বয়কটের কোন সম্ভাবনা নেই। বরং এ নির্বাচনে অংশ নিয়ে পরবর্তী সংসদে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় তারা।