২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিনীদির কাছে বুশের জনপ্রিয়তা নিম্নগামী

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সাড়ে চার বছর ধরে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে আমেরিকানদের কাছে তার জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সাম্প্রতিক এক জনমত জরিপে একথা জানা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 12:10 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

জরিপে বলা হয়, বুশের জনপ্রিয়তা ক্রমশ নিম্নগামী হচ্ছে। আগস্ট মাসে বুশের জনপ্রিয়তার হার নেমে এসেছে মাত্র ৪০ শতাংশে। শতকরা ৪০ ভাগ নাগরিক বুশের জনপ্রিয়তার পক্ষে থাকলেও ৫৬ শতাংশ নাগরিক মনে করে যে, হোয়াইট হাউজে বুশের কর্মপরিকল্পনা সন্তোষজনক নয়। গত ২৫-২৮ জুলাই আরেকটি জরিপে দেখা গেছে, মাত্র ৪৪ শতাংশ মার্কিন নাগরিক বুশের কর্মপরিকল্পনাকে সমর্থন দিয়েছেন। তবে জুন মাসের জরিপে বুশের জনপ্রিয়তার হার সবচে’ খারাপ পর্যায়ে ছিলো। তখন দেখা গেছে, শতকরা ৫৩ শতাংশ মানুষ মার্কিন নেতা বুশকে পছন্দ করেন না।

চলতি আগস্ট মাসের জরিপে বলা হয়, বুশ আমেরিকার ইতিহাসে দ্বিতীয় অজনপ্রিয় ব্যক্তি। যুক্তরাষ্ট্রের সবগুলো প্রেসিডেন্টের জনপ্রিয়তা লক্ষ্য করলে দেখা যায়, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট জর্জ বুশের জনপ্রিয়তা সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রায় সমান। জনমত জরিপে ২৯ শতাংশ রিপাবলিকান এবং ৩৫ শতাংশ ডেমোক্র্যাটস অংশ নেন। রিপাবলিকানদের মধ্যে শতকরা ৮২ ভাগ বুশের কর্মপরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন। চলতি বছরের প্রথম দিকে রিপাবলিকানদের মধ্যে জনপ্রিয়তার হার ছিলো ৯২ শতাংশ।