চূড়ান্ত সংবিধানের পথে ইরাকিরা এখনও দ্বিধাবিভক্ত
ইরাকের নতুন সংবিধান নিয়ে দ্বিধা বিভক্তি এখনও কাটেনি। সংবিধান প্রশ্নে সংখ্যাগরিষ্ঠ শিয়া মধ্যস্থতাকারীরা বলেছেন, সংবিধান প্রশ্নে তারা রাজি এবং এক্ষেত্রে তারা একটি চুক্তিতে পৌঁছেছে।
তারা আরও বলেন, খসড়া অনুমোদনের জন্য আগামী দু’দিনের মধ্যে তা ইরাকি সংসদে উত্থাপন করা হবে।
এদিকে সংখ্যালঘু সুন্নী আরবরা শিয়াদের সাথে দ্বিমত পোষন করে বলেন, আলোচনা ছাড়া কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি। তারা শিয়া ও কুর্দিদের স্বায়ত্ত্বশাসনের পরিকল্পনার বিরোধিতা করে আসছে।
শুক্রবার বাগদাদে সংবিধান ঘোষণার জন্য সাংবাদিক সম্মেলন ডাকা হলেও পরে তা বাতিল করা হয়।
ইরাকের প্রধানমন্ত্রীর মুখপাত্র টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, সবশেষে সংবিধানের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তা জনগণের হাতে ছেড়ে দেয়া হবে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে চুক্তি হলেও অক্টোবরে গণভোটের মাধ্যমে বাতিলও হয়ে যেতে পারে।
ইরাকের সংবিধান বিষয়ক কমিটির চেয়ারম্যান শুক্রবার বলেন, সংবিধানের ভাষা চূড়ান্ত করার জন্য আগামী দু’দিনের মধ্যে তা জাতীয় সংসদে উত্থাপন করা হবে।
প্রজাতন্ত্রের বিষয়টি নিয়ে ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। খসড়া সংবিধানে ইরাকি জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন তেমন একটা হয়নি বলে মন্তব্য করেছেন ইরাকের ভাইস প্রেসিডেন্ট গাজী আল ইউয়ার।
