শ্রীলঙ্কায় নির্বাচন নির্ধারিত সময়েই হবে : সুপ্রিম কোর্ট
শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট রুল জারি করে বলেছে, প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার মেয়াদ ডিসেম্বর মাসে শেষ হবে এবং এর ফলে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ প্রশস্ত হচ্ছে।
আশা করা হচ্ছে, অক্টোবর বা নভেম্বর মাসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
কুমারাতুঙ্গা ১৯৯৯ সালে দ্বিতীয় মেয়াদে ছয় বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে তিনি যুক্তি দেখিয়েছেন, প্রথম মেয়াদে কম সময় ক্ষমতায় থাকার কারণে প্রেসিডেন্ট পদে তার মেয়াদ আরও এক বছর বাড়ানো উচিত।
আদালতের এমন রুলিং প্রেসিডেন্ট কুমারাতুঙ্গার জন্য এক তিক্ত পরাজয় হিসেবে আখ্যায়িত হচ্ছে।
শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী, একজন প্রেসিডেন্ট তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
প্রধান বিচারপতি সারাথ এন সিলভা’র নেতৃত্বে পাঁচ বিচারককে নিয়ে গড়া বেঞ্চ এই রুল জারি করে।
আদালতের রুলিং গুরুত্বের সাথে নিয়ে বিরোধী দল চলতি বছরেই প্রেসিডেন্টের ক্ষমতা ছেড়ে দেয়ার দাবি জানিয়েছে।
বিরোধী পার্লামেন্ট সদস্য আথুরালিয়া রাথনা বলেন, দেশে বড় ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে। এখন আমাদের সামনে সময় এসেছে দেশকে স্থিতিশীল করার।
প্রেসিডেন্ট কুমারাতুঙ্গা ১৯৯৪ সালে প্রথমবারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি ২০০৪ সালের পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করলেও পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ইউনাইটেড ন্যাশনাল পার্টির রনিল বিক্রমাসিংহের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
