২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসি-৩ মিসাইল সম্পর্কে অবহিত করতে মার্কিন অস্ত্র বিক্রেতা ভারতে

মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট পিএসি-৩ মিসাইল ও দু’টি যুদ্ধবিমানসহ অন্যান্য অত্যাধুনিক অস্ত্র সম্পর্কে ভারতকে অবহিত করতে পেন্টাগনের শীর্ষ অস্ত্র বিক্রেতা শিগগিরই নয়াদিল্লী যাচ্ছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 12:51 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র বৃহস্পতিবার এ তথ্য জানান।

মুখপাত্র হোসে ইবারা জানান, পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সির প্রধান লে. জেনারেল জেফরি কোহলারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল প্যাট্রিয়ট এডভান্সড ক্যাপাবিলিটি বা পিএসি-৩ সম্পর্কে ভারতকে অবহিত করতে সেপ্টেম্বর মাসের প্রথমদিকে নয়াদিল্লী সফর করবে।

ভারত অনেক দিন ধরেই ইসরাইলের কাছ থেকে উন্নত অ্যান্টি-মিসাইল সিস্টেম ‘দ্য অ্যারো’ কেনার চেষ্টা করছে।

সফরে কোহলার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন।

ইবারা বলেন, ভারতকে প্যাট্রিয়ট ক্ষেপনাস্ত্র সম্পর্কে অবহিত করার মানে এই নয় যে, ওয়াশিংটন নয়া দিল্লীর কাছে এখনই তা বিক্রি করতে রাজি। তার ভাষায়, অস্ত্র সিস্টেমের উপর অবহিত করাই হবে এ সফরের লক্ষ্য।

লকহিড মার্টিন করপোরেশনের তৈরিকৃত অ্যান্টি-মিসাইল সিস্টেমটি যে কোনও মিসাইল হামলাকে প্রতিহত করতে ও তা ধ্বংস করতে সক্ষম।

মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনীর ২০০৩ সালের ইরাক যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র সীমিত আকারে প্যাট্রিয়ট ক্ষেপনাস্ত্র ব্যবহার করে।

ভারতের অনুরোধের প্রেক্ষিতে কোহলারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল লকহিড মার্টিন আবিষ্কৃত এফ-১৬ অথবা বোয়িং কোম্পানির আবিষ্কৃত এফ/এ-১৮ যুদ্ধবিমানের সম্ভাব্য বিক্রির বিষয়টি বিবেচনা করতে পারে বলে ইবরা জানান।