২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতায় নিহত ১৯, আহত ১০০

পাকিস্তানে বৃহস্পতিবার স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণকালে সহিংসতায় কমপক্ষে ১৯ জন নিহত এবং শতাধিক আহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 11:02 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

নির্বাচনী সহিংসতার আশঙ্কায় হাজার হাজার সৈন্য, আধা-সামরিক বাহিনীর সদস্য এবং বিপুল সংখ্যক পুলিশ ভোট কেন্দ্রগুলোতে মোতায়েন করার পরও হতাহতের ঘটনা রোধ করা যায়নি। পাকিস্তানের পৌর ও মেয়র নির্বাচনে গত ১৮ আগস্ট অনুষ্ঠিত প্রথম দফা ভোট গ্রহণের সময় সংঘর্ষে ২২ জন নিহত এবং দুই শতাধিক লোক আহত হয়।

পুলিশের মুখপাত্র মালিক মুনির বলেন, পাঞ্জাব প্রদেশে ১২ জন নিহত হয়েছে। সিন্ধু প্রদেশের দক্ষিণাঞ্চলে পাঁচজন এবং সীমান্ত প্রদেশে আরও পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কড়া নিরাপত্তার মধ্যে পাকিস্তানের ৫৪টি জেলায় নির্বাচন অনুষ্ঠিত হলেও হতাহতের ঘটনা ঘটে।

পাকিস্তানে প্রতি চার বছর পরপর পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী আইন অনুসারে কোন রাজনৈতিক বা ধর্মীয় গ্রুপের প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। তবু সরকার বা বিরোধী দলের পরোক্ষ মদদ নির্বাচনে লক্ষ্য করা যায়। বিরোধী দল নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে। বিরোধী দলের দাবি সত্ত্বেও ভোট কেন্দ্রে কোন নিরপেক্ষ পর্যবেক্ষক ছিল না।