২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে এক বৃদ্ধার তোলা ছবি দেখে মাদক অভিযান

ব্রাজিলের ৮০ বছরের এক বৃদ্ধার নি:সঙ্গ জীবন দুর্বিষহ হয়ে উঠে মাদক পাচারকারীদের অত্যাচারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 11:44 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

সমুদ্রের পাড়ে শান্তির নীড়ে বৃদ্ধার জীবনে নেমে আসে অশান্তি। তার অ্যার্পাটমেন্টের পাশেই চোরাকারবারীরা অটোমেটিক রাইফেল ও সাবমেশিন নিয়ে ঘুরে বেড়ায় এবং খোলাবাজারের ন্যায় মাদক দ্রব্য উঁচু স্বরে দরাদরি করে।

বৃদ্ধার মনে এতে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এই অবৈধ কর্মকান্ড বন্ধের জন্য তিনি কর্মপন্থা ঠিক করে ফেলেন। হাতে তুলে নেন ক্যামেরা। মাদক চোরাকারবারীদের ছবি তুলে তা পুলিশকে সরবরাহ করেন। ব্রাজিল পুলিশ এই ছবির ভিত্তিতেই ব্যাপক অভিযান চালিয়ে মাদক চোরাচালানকারীদের ধরতে সক্ষম হয়েছে।

৮০ বছর বয়স্ক এক বৃদ্ধা তার কোপাসাবানা বিচ অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে দু’ বছর যাবৎ তুলে আসছিল মাদক চোরাচালানের ছবি। এরপর পুলিশের হাতে এর ২২টি ছবির প্রিন্ট তুলে দিলে তারা অভিযান চালিয়ে ১৫ জন সন্দেহভাজন মাদক চোরাচালানকারীদের আটক করে। এর মধ্যে দু’জন রিও ডি জেনিরোর স্টেট পুলিশ কর্মকর্তাও রয়েছে। ছবিতে বিভিন্ন বয়সের ব্যক্তিদের পাশাপাশি ১০ বছরের চেয়ে ছোট শিশুদেরও মাদক বেচা-কেনা করতে দেখা গেছে। ছবি অনুযায়ী বাকি সদস্যদেরও খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন রিও পাবলিক সেফটি সচিবালয়ের কর্মকর্তা মার্সেলা।

নিরাপত্তপত্তাজনিত কারণে পুরো নাম প্রকাশে অনিচ্ছুক ভিক্টোরিয়া ইতোমধ্যে তার অ্যাপার্টমেন্ট ছেড়ে অন্যত্র বসবাস করছেন।