২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে যাচ্ছে আরও ১,৫০০ মার্কিন সেনা

ইরাকে নির্বাচনের সময় মার্কিন সেনাদের শক্তি বাড়াতে শীঘ্রই মার্কিন আধাসামরিক বাহিনীর ১,৫০০ সদস্য সেখানে পাড়ি জমাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন.থেকে বুধবার এ ঘোষণা দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2005, 11:12 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

পেন্টাগন জানায়, নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্রাগ থেকে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের দুইটি ব্যাটালিয়ানকে মধ্য সেপ্টেম্বরের মাঝামাঝিতে ইরাকে মোতায়েন করা হবে। তাদের সাথে ৩২৫তম এয়ারবোর্ন পদাতিক রেজিমেন্টের ২য় ব্যাটালিয়ান ও ৫০৪তম প্যারাসুট ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ৩য় ব্যাটেলিয়ানে যোগ দেবে।

ইরাকে বড় ধরনের রাজনৈতিক উত্তরণকালে এ নিয়ে তৃতীয়বারের মত সেখানে মার্কিন মোতায়েনকৃত সামরিক বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হল। ২০০৪ সালে ইরাকের নিরাপত্তার দায়িত্ব ইরাকি কর্তৃপক্ষের কাছে অর্পণ ও জানুয়ারিতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে সেখানে অতিরিক্ত মার্কিন সেনা পাঠানো হয়েছিল।

২০০৩ সালের মার্চে মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনীর ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে ইরাকে মোতায়েনকৃত মার্কিন সেনার সংখ্যা বেড়ে গিয়ে ১৪০,০০০-তে দাঁড়াবে।

এদিকে আইদাহোতে মার্কিন সামরিক পরিবার ও সদস্যদের উপস্থিতিতে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশ বলেছেন, ইরাক থেকে এখনই মার্কিন সেনা প্রত্যাহার করলে তা হবে এক বড় ধরনের ভুল। এর পরপরই পেন্টাগন এ ঘোষণা দিল।