গাজা থেকে ইহুদি বসতি প্রত্যাহারের পর শ্যারন-আব্বাস বৈঠকের সিদ্ধান্ত
গাজা থেকে ইহুদি বসতি প্রত্যাহারের পর ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরাইলি প্রধানমন্ত্রী অ্যরিয়েল শ্যারন শিগগিরই একটি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার ইসরাইলি প্রধানমন্ত্রী অ্যরিয়েল শ্যারনের অফিস সূত্রে এ খবর জানানো হয়।
তবে বৈঠকের সময়সীমা এখনও চূড়ান্ত করা হয়নি। গাজা থেকে ইহুদী বসতি প্রত্যাহারের পর পরই ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলি প্রধানমন্ত্রী অ্যরিয়েল শ্যারনকে অভিনন্দন জানিয়েছেন। প্রেসিডেন্ট আব্বাস গাজা প্রত্যাহারকে একটি সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করেন।
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আশা প্রকাশ করে বলেছেন, এর ফলে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে এবং শান্তি প্রক্রিয়া সামনের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে।
